রোহিঙ্গা গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পরও মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে ট্রাম্প প্রশাসনের চলমান সম্পৃক্ততার তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি ডব্লিউ মিকস।
বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ট্রাম্প প্রশাসনের চলমান সম্পৃক্ততাকে ‘নৈতিকভাবে নিন্দনীয়, কৌশলগতভাবে অদক্ষ এবং মার্কিন আইনের পরিপন্থী’ বলে অভিহিত করেন তিনি।
বিবৃতিতে মিকস বলেন, গত সপ্তাহে ‘দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলায় আইসিজের দেওয়া রায়ের মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক আদালত একটি রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেছে। এই রায় ২০২২ সালে যুক্তরাষ্ট্রের নেওয়া সিদ্ধান্তকেই নিশ্চিত করেছে, যেখানে বলা হয়েছিল মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।
তিনি বলেন, জবাবদিহির কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা ছাড়াই পররাষ্ট্রমন্ত্রী রুবিও ও ট্রাম্প প্রশাসন এখন সেই জান্তার সঙ্গেই সম্পৃক্ত হচ্ছে। এটি কেবল নৈতিকভাবে নিন্দনীয় নয়, বরং কৌশলগতভাবে অদক্ষ এবং মার্কিন আইনেরও পরিপন্থী।
মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সম্পৃক্ততার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন এই মার্কিন কংগ্রেসম্যান। তিনি বলেন, এই সম্পৃক্ততা কীভাবে বেসামরিক নাগরিকদের ওপর জান্তার সহিংসতা কমাবে কিংবা মার্কিন নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত প্রতারণা চক্র বন্ধ করবে, সে বিষয়ে রুবিও কোনো কৌশল দেখাতে পারেননি।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের ‘বার্মা অ্যাক্ট’ বাস্তবায়নে ট্রাম্প প্রশাসনের ব্যর্থতার অভিযোগও তোলেন মিকস। তিনি বলেন, প্রশাসন এই আইন অনুযায়ী প্রয়োজনীয় নিষেধাজ্ঞা কার্যকর করেনি। এমনকি মিয়ানমারের গণতান্ত্রিক শক্তিগুলোকে সহায়তার জন্য অনুমোদিত কর্মসূচিগুলোও বাস্তবায়ন করেনি।
প্রশাসনের এসব নীতি বার্মা অ্যাক্টের সঙ্গে পুরোপুরি অসংগতিপূর্ণ উল্লেখ করে মিকস জানান, প্রশাসন কীভাবে আইন মেনে চলছে, সে বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে জবাবদিহি চাইবেন তিনি।
গত ১৯ নভেম্বর জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে এক ঐতিহাসিক রায়ে ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে গণহত্যার জন্য মিয়ানমার রাষ্ট্রকে দায়ী করেন।
কালের সমাজ/এসআর

