মিসরের রাজধানী কায়রোর একটি ব্যস্ত মহাসড়কে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ২১ জন।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ওয়াররাক এলাকার রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ তথ্য জানিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাংকারটি উল্টে গিয়ে আশপাশের যানবাহনের ওপর জ্বালানি ছড়িয়ে পড়লে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এতে মহাসড়কের বেশ কয়েকটি যানবাহন পুড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আগুনের বিশাল শিখা ও কালো ধোঁয়ায় রাতের আকাশ ঢেকে যেতে দেখা গেছে।
দুর্ঘটনার পর দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। পরে আগুন নিয়ন্ত্রণে এলে মহাসড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন আঞ্চলিক পাবলিক প্রসিকিউটর। নিহতদের পরিচয় শনাক্ত করতে মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন আল-আহরাম পত্রিকা তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানাধীন ট্যাংকারটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সামনে একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্যাংকারটি সড়কের মাঝের বিভাজক পার হয়ে উল্টে যায়। এরপরই আগুন ধরে যায়। তবে এ বিষয়ে কর্মকর্তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সাম্প্রতিক বছরগুলোতে মিশরে একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অপরিকল্পিত বসতি, জরাজীর্ণ অবকাঠামো এবং জরুরি সেবাদানকারী দলের ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্বের কারণে এসব দুর্ঘটনা মোকাবেলায় জটিলতা তৈরি হয়।
এ ছাড়া দেশটিতে সড়ক দুর্ঘটনাও উদ্বেগজনক। যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব ও ট্রাফিক আইন অমান্যকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর মিশরে সড়ক দুর্ঘটনায় প্রায় ছয় হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা আগের বছরের তুলনায় কয়েক শ বেশি।
কালের সমাজ/এসআর

