ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ২৬, ২০২৬, ০৪:৫০ পিএম হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু

সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে। বাকি সাত শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৯ জনের শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ১ হাজার ২৬৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ১০৬ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ৭ জন। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১০২ জনের শরীরে। সব মিলিয়ে এ সময়ে ১ হাজার ১০৯ জনের শরীরে হাম ও হামের উপসর্গ পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে মোট ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ২৬ হাজার ৪৭৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

কালের সমাজ/কে.পি

Link copied!