ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক ফসওয়াল আজীবন সম্মাননা পেলেন কবি নূরুল হক

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ২৭, ২০২৬, ০৯:৩৯ পিএম সার্ক ফসওয়াল আজীবন সম্মাননা পেলেন কবি নূরুল হক

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ফসওয়াল সাহিত্য উৎসবে ‘সার্ক ফসওয়াল আজীবন সম্মাননা’ পেয়েছেন বাংলাদেশের কবি নূরুল হক। তাঁর সঙ্গে ভুটান, ভারত ও নেপালের আরও ৫ জন লেখক এ সম্মাননা পেয়েছেন।

সম্মাননাপ্রাপ্ত অন্য লেখকেরা হলেন, ভুটানের কুনজাং চোডেন, ভারতের আলোক ভাল্লা, অমরেন্দ্র খটুয়া ও সুরেশ গোয়েল এবং নেপালের কেশব সিগদেল।

ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার আয়োজিত চার দিনব্যাপী ‘ফসওয়াল লিটারেচার ফেস্টিভ্যাল ২০২৬’ গত ১৫ থেকে ১৮ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। উৎসবে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের শতাধিক কবি ও লেখক অংশ নেন।

কবি নূরুল হকের হাতে সম্মাননা, পদক ও পুরস্কারের অর্থের চেক তুলে দেন দিল্লি সাহিত্য একাডেমির মহাপরিচালক মাধব কৌশিক। এ সময় শ্রীলঙ্কার হাইকমিশনার, ফাউন্ডেশনের সভাপতি অজিত কউরসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উৎসবে বাংলাদেশ থেকে আরও অংশ নেন অধ্যাপক ফকরুল আলম, ফরিদুর রহমান, কামরুল বাহার আরিফ, লোপা মমতাজ, আশরাফ জুয়েল, সৌম্য সালেক, যতন কুমার দেবনাথ, মোখলেস মুকুল, মুহাম্মদ ফরিদ হাসান, নুরুন্নাহার মুন্নী, কাদের পলাশ ও নূরে আলম পাটোয়ারি।

পদ্মশ্রীপ্রাপ্ত লেখক অজিত কউরের নেতৃত্বে প্রায় দুই দশক ধরে এ সাহিত্য উৎসব আয়োজন করা হচ্ছে। নয়াদিল্লির একাডেমি অব ফাইন আর্টস অ্যান্ড লিটারেচারে অনুষ্ঠিত এবারের আয়োজনটি ছিল ফসওয়ালের ৬৭তম সার্ক সাহিত্য উৎসব। উৎসবে প্রধান অতিথি ছিলেন মহাত্মা গান্ধীর নাতনি তারা গান্ধী ভট্টাচার্য।

‘পৃথিবীই আমাদের একমাত্র আবাস’ প্রতিপাদ্যে কবিতা, কথাসাহিত্য, শান্তি ও প্রত্যাশাসহ বিভিন্ন বিষয়ে ৩৬টি পর্বে আলোচনা ও সাহিত্যচর্চার আয়োজন করা হয়।

এর আগে বাংলাদেশের প্রয়াত কবি শামসুর রাহমান ও সৈয়দ শামসুল হক, কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং কবি মুহাম্মদ নূরুল হুদাসহ বাংলাদেশের আরও কয়েকজন সাহিত্যিক সার্ক সাহিত্য পুরস্কার পেয়েছেন।

১৯৬৫ সালের ৮ মার্চ জন্মগ্রহণ করেন কবি নূরুল হক। কবিতার পাশাপাশি ছড়া ও কথাসাহিত্যেও তাঁর পরিচিতি রয়েছে। এ পর্যন্ত তাঁর ২৫টি কাব্যগ্রন্থ, তিনটি কিশোর কাব্যগ্রন্থ, একটি উপন্যাস ও একটি প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৩০। বাংলা কবিতার পাশাপাশি ইংরেজিতেও কবিতা লিখছেন তিনি। তাঁর কবিতা জাপানি, চীনা, তাইওয়ানিজ, কাজাখ, উজবেক, রোমানীয় ও স্প্যানিশসহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

কালের সমাজ/কে.পি

Link copied!