ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

নাঙ্গলকোটে মাদ্রাসার শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ, গোপন সালিশে কোলাকুলি করিয়ে মীমাংসার চেষ্টা

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি | নভেম্বর ২৭, ২০২৬, ০৮:৫৪ পিএম নাঙ্গলকোটে মাদ্রাসার শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ, গোপন সালিশে কোলাকুলি করিয়ে মীমাংসার চেষ্টা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের গোরকমুড়া গ্রামে একটি নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার কোমলমতি শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে আবু সাঈদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক শিশুকে স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ ঘটনায় বিচার চেয়ে স্থানীয়দের কাছে অভিযোগ জানালে অভিযুক্তের বড় ভাই জামায়াত নেতা জহিরুল ইসলাম গোপনে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। 

গোরকমুড়া ও পার্শ্ববর্তী শাকতলা গ্রামের একাধিক শিশুর সঙ্গে এমন ঘটনা ঘটেছেন বলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয়দের কাছে জানিয়ে বিচার দাবি করেন। পরে অভিযুক্ত আবু সাঈদকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে স্বীকার করেন এবং ভুল হয়েছে বলে জানান—এমন দাবি করেছেন স্থানীয় একাধিক ব্যক্তি ও মাদ্রাসার প্রধান। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্তের বড় ভাই জামায়াত নেতা জহিরুল ইসলাম বিষয়টি আইনি প্রক্রিয়ায় না নিয়ে রাতের আঁধারে গোপনে মীমাংসার চেষ্টা করেন। 

তাদের সঙ্গে অভিযুক্তকে কোলাকুলি করিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে বলে দাবি করা হয়। তবে এমন মীমাংসায় সন্তুষ্ট নন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। গোরকমুড়া ও শাকতলা গ্রামের একাধিক ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, অভিযুক্ত আবু সাঈদ বিভিন্ন সময়ে আমাদের শিশুদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়েছেন। আমরা বিষয়টি এলাকাবাসী ও তার পরিবারকে জানিয়েছি। কিন্তু তার ভাই জহিরুল ইসলাম আমাদের সঙ্গে অভিযুক্তকে কোলাকুলি করিয়ে বিষয়টি মীমাংসা করে দেন। আমরা এমন ঘটনার বিচার ও শাস্তি চাই। 

অভিযুক্ত আবু সাঈদ বলেন,এটা আমার ভুল হয়েছে। ভবিষ্যতে এমন কিছু আর করব না। অভিযুক্তের বড় ভাই জামায়াত নেতা জহিরুল ইসলাম বলেন, একটি অভিযোগ পেয়েছি। সেটি সঙ্গে সঙ্গে মীমাংসা করে দিয়েছি। অন্য কেউ অভিযোগ করলে সাংবাদিকের কাছে না গিয়ে আমার কাছে আসলে আমি তা সমাধান করে দিতাম। এমন অভিযোগের বিচার কোলাকুলির মাধ্যমে কীভাবে মীমাংসা হয়—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,ভুক্তভোগীর দাদা তো বিচার মেনেই গিয়েছেন, তাহলে আমাদের সমস্যা কী? মাদ্রাসার প্রধান হাফেজ সুলাইমান বলেন, বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাবাসী তাকে মাদ্রাসার সামনে জিজ্ঞাসাবাদ করেন। সে ঘটনার বিষয়ে স্বীকার করে এবং ভবিষ্যতে আর এমন করবে না বলে তাদের জানায়। 

সমাজসেবক ওসমান গনি চৌধুরী বলেন, ভুক্তভোগী পরিবার আমাদের কাছে এসে বিচার দিয়েছে। আমরা প্রাথমিক সত্যতাও পেয়েছি। সবাই মিলে সামাজিকভাবে এর বিচার করার চেষ্টা করছি। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!