ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়ি উত্তর উপজেলায় নতুন ইউএনওর যোগদান, কার্যালয় নিয়ে অনিশ্চয়তা

ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি | নভেম্বর ২৭, ২০২৬, ০৬:৩৭ পিএম ফটিকছড়ি উত্তর উপজেলায় নতুন ইউএনওর যোগদান, কার্যালয় নিয়ে অনিশ্চয়তা

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। তবে উচ্চ আদালতের দেওয়া স্থিতাবস্থার (স্টে অর্ডার) মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর ঠিক একদিন পর তাঁর যোগদানকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে উপজেলার প্রশাসনিক কার্যক্রম ও কার্যালয়ের অবস্থান নিয়ে অনিশ্চয়তা।
গতকাল বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন। কিন্তু নতুন উপজেলা গঠনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য তাঁর কার্যালয় কোথায় স্থাপন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে ইউএনও যোগদান করলেও ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম কোথা থেকে এবং কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
৩৭তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা এর আগে সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এবং দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বাড়ি পার্বত্য জেলা রাঙামাটিতে।
নতুন ইউএনওর যোগদানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, নতুন প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলার কার্যক্রম দ্রুত গতিশীল হবে এবং দীর্ঘদিনের প্রত্যাশিত প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে।
তবে ইউএনওর যোগদানের পরও কার্যালয়ের স্থান নির্ধারণ না হওয়ায় নতুন উপজেলার প্রশাসনিক কাঠামো বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে সদর দপ্তরের অবস্থান ও সংশ্লিষ্ট প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে উচ্চ আদালতের স্থিতাবস্থা বহাল থাকায় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহিম বলেন, ফটিকছড়ি উত্তর উপজেলার নবনিযুক্ত ইউএনও ডিপ্লোমেসি চাকমা আজ যোগদান করেছেন। তবে তিনি কোথায় অফিস করবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি কিছুদিন ছুটিতে থাকবেন বলেও জানা গেছে।
সব মিলিয়ে নতুন ইউএনওর যোগদানের মধ্য দিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক যাত্রায় নতুন অধ্যায় শুরু হলেও কার্যালয়ের অবস্থান নির্ধারণ এবং কার্যক্রমের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!