যে তরুণ একসময় ক্যান্সার সচেতনতায় কাজ করেছেন, আজ তাঁকেই লড়তে হচ্ছে সেই মরণব্যাধির বিরুদ্ধে। ক্যান্সারকে হারিয়ে দুই বছর আগে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সিয়াম মির্জা। কিন্তু সেই স্বপ্নের পথে আবারও বাধা হয়ে ফিরে এসেছে মরণব্যাধি ক্যান্সার। দ্বিতীয়বারের মতো কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এবার সুস্থ জীবনে ফিরতে তাঁর প্রয়োজন প্রায় ৩৫ লাখ টাকা। কিন্তু পরিবারের সামর্থ্য ফুরিয়ে আসায় এখন সবার সহযোগিতাই তাঁর বেঁচে থাকার লড়াইয়ে বড় ভরসা।
পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালে চিকিৎসা নেওয়ার পর সিয়ামের প্রথম দফার কোলন ক্যান্সার সেরে যায়। তবে গত সেপ্টেম্বরে কোলনের অন্য একটি অংশে পুনরায় ক্যান্সার শনাক্ত হয়। বর্তমানে ভারতে তাঁর আটটি কেমোথেরাপি দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রতিটি কেমোথেরাপির পেছনে ব্যয় হবে প্রায় চার লাখ টাকা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এর আগে বাবার ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে সহায়-সম্পত্তি বিক্রি করতে হয়েছে। ফলে বর্তমানে পরিবারের আর্থিক অবস্থা সংকটাপন্ন। অন্যদিকে তাঁর মা অসুস্থ এবং হাঁটাচলা করতেও অক্ষম। এমন পরিস্থিতিতে সিয়ামের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করা পরিবারের একার পক্ষে কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী, বন্ধুবান্ধবসহ সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে তাঁর পরিবার। পাশাপাশি সিয়ামের দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
যেভাবে সহযোগিতা পাঠাবেন
সিয়ামের চিকিৎসায় আর্থিক সহযোগিতা পাঠানো যাবে নিচের মাধ্যমে—
ব্যাংক হিসাব:
ক্স ব্যাংক: ইসলামী ব্যাংক পিএলসি
ক্স হিসাব নম্বর: ২০৫০২১৩০২০৩০১৯৩১০
ক্স হিসাবের নাম: মো. রাজি আলী নূর ইসলাম
মোবাইল ব্যাংকিং:
ক্স বিকাশ, নগদ ও রকেট: ০১৭৭৪-৪৪৪৭১৮ (সিয়াম মির্জা)
উল্লেখ্য, সিয়াম মির্জা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করেছেন। ক্যান্সার সচেতনতাবিষয়ক সংগঠন ‘ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম’-এর সভাপতি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরিতেও ভূমিকা রেখেছেন। একসময় যে রোগের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে কাজ করেছেন, আজ সেই রোগের সঙ্গেই লড়ছেন তিনি।
কালের সমাজ/কে.পি

