ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদল নেতাদের বরণে ঈশ্বরদীতে মোটরসাইকেল শোডাউন ও সংবর্ধনা

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি, পাবনা | নভেম্বর ২৬, ২০২৬, ১০:১১ পিএম যুবদল নেতাদের বরণে ঈশ্বরদীতে মোটরসাইকেল শোডাউন ও সংবর্ধনা

পাবনার ঈশ্বরদীতে দীর্ঘ ৯ মাস পর বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে দলে ফিরেছেন যুবদলের পাঁচ নেতা। দলীয় সিদ্ধান্ত, শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছিল। সম্প্রতি আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদল তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করেছে।

গত ২১ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কারের পর আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঈশ্বরদী পৌর শহরের রেলগেট ট্রাফিক মোড় এলাকায় দলে ফেরা নেতাদের ফুলেল সংবর্ধনা জানান স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী। এ সময় মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাঁদের বরণ করে নেওয়া হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া পাঁচ নেতা হলেন—ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রিপন, মো. আক্তারুজ্জামান রাজু, এনামুল হক আতিয়ার এবং সদস্য মতিউর রহমান। তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদে পুনর্বহাল করা হয়েছে।

সংবর্ধনা শেষে পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল বলেন, দল অতীতে যে সিদ্ধান্ত নিয়েছে, তাঁরা তা মেনে নিয়েছেন। এখন দলীয় সিদ্ধান্তেই আবারও দলে ফিরেছেন। তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিরতা মোকাবিলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের প্রতি আহ্বান জানিয়ে জাকির হোসেন জুয়েল বলেন, অতীতের ভুল-বোঝাবুঝি ও বিভেদ ভুলে বিএনপিকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সুন্দর, পরিচ্ছন্ন ও ঐক্যবদ্ধ রাজনৈতিক চর্চার আহ্বান জানান।

দলে ফেরা পাঁচ নেতাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীরা দলীয় ঐক্য সুসংহত করে আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!