ভারতে পালিয়ে যাওয়ার পর দেশে ফিরে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে নিজ বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে কুমিল্লায় আজহারুল ইসলাম নামে যুবদলের এক কর্মীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে আজহারুলের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আশ্রয়-প্রশ্রয় এবং সুরক্ষা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
বহিষ্কৃত আজহারুল ইসলাম নিজেকে বারপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে পরিচয় দিলেও জেলা যুবদল সূত্র জানিয়েছে, তিনি সংগঠনের একজন কর্মী মাত্র। তাঁর কোনো সাংগঠনিক পদ নেই।
আজহারুলের বাড়িতে আশ্রয় নেওয়া ছাত্রলীগ নেতার নাম মোশাররফ হোসেন। তিনি কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ সূত্র জানায়, জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান মোশাররফ। পরে সেখান থেকে দেশে ফিরে আজহারুলের বাড়িতে অবস্থান করছিলেন তিনি।
গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে আজহারুলের বাড়িতে অভিযান চালিয়ে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আশ্রয় দেওয়ার বিষয়টি জানার পর সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আজহারুলকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, আজহারুল ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ওরফে খোকার আপন খালাতো ভাই। তাঁদের পারিবারিক সম্পর্কের সূত্র ধরেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আশ্রয় দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয় কয়েকজন। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
কালের সমাজ/কে.পি

