ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ২৬, ২০২৬, ০৭:৩৫ পিএম আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

দেশের শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংক-এর চাঁদপুর ও কুমিল্লা জেলার আংশিক এলাকার আওতাধীন মোট ৭৪টি এজেন্ট আউটলেটের মালিক, ৮টি লিংক শাখা ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং গ্রাহকদের নিয়ে মতবিনিময় সভা ও উঠান বৈঠক আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মমতাজুল হক উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক কাজী মো. ইলিয়াস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট মালিকগণ তাঁদের নিজ নিজ অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সমস্যা, সম্ভাব্য সমাধান, আমানত বৃদ্ধির কৌশল এবং ডিজিটাল ব্যাংকিং বিভাগের উদ্যোগে চালুকৃত ডিজিটাল দানবক্স, বাংলা কিউআর, ইসলামিক ওয়ালেট, আই-ব্যাংকিং ইত্যাদি চ্যানেলের মাধ্যমে কীভাবে আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক ও শরীয়াহসম্মত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও জোরদার করছে। তিনি এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট ম্যানেজারদের সমন্বিতভাবে কাজ করে আমানত বৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে ত্বরান্বিত করার আহ্বান জানান। এ সময় তিনি এজেন্ট আউটলেটে এসে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লেনদেন, অটো জেনারেটেড রিসিপ্ট গ্রহণ এবং এসএমএস দেখে নিশ্চিত হয়ে লেনদেন করার বিষয়ে গ্রাহকদের সচেতন করেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনা এবং নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা প্রদানে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কালের সমাজ/কে.পি

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!