দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা করে বাড়ানো হয়েছে। তবে খোলা পাম তেলের দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এই নতুন দর নির্ধারণ করা হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সভায় সভাপতিত্ব করেন।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকা থেকে বেড়ে ২০৭ টাকায় দাঁড়িয়েছে। আর খোলা সয়াবিন তেল ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা করা হয়েছে। অন্যদিকে, প্রতি লিটার খোলা পাম তেল আগের দামেই অর্থাৎ ১৬৬ টাকায় বিক্রি হবে।
মন্ত্রণালয় সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের অভ্যন্তরীণ সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশে ভোজ্যতেলের বর্তমান মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক চিত্র তুলে ধরা হয়। বৈশ্বিক ও দেশীয় বাজার পরিস্থিতি পর্যালোচনা শেষে সভায় সর্বসম্মতিক্রমে দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সভায় জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর বিশ্ববাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশে তা পুনর্নির্ধারণ করা হয়নি, যা আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করছিল। আসন্ন পবিত্র রমজান সামনে রেখে বাজারে পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম বাড়ানোর দাবি জানান ব্যবসায়ীরা।
এদিকে নতুন দাম নির্ধারণের পাশাপাশি বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুতদারি এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি ঠেকাতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের সমাজ/কে.পি

