ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ভূজপুরে পুলিশের ধারাবাহিক অভিযানে ইতালির পিস্তলসহ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ২৬, ২০২৬, ১০:১৬ পিএম ভূজপুরে পুলিশের ধারাবাহিক অভিযানে ইতালির পিস্তলসহ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩৪ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার; দুর্গম পাহাড়ে মিলেছে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হান ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে বড় ধরনের সাফল্য এসেছে। কয়েক দিনের সমন্বিত অভিযানে রায়হানের নিজ ব্যবহৃত ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী রায়হান ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ নভেম্বর থেকে ভূজপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান শুরু করে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোহাম্মদ ইব্রাহীম, পিপিএম-সেবার নির্দেশনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের ধারাবাহিকতায় ২৩ নভেম্বর সুয়াবিল ইউনিয়নের হাজীরখিল কোদালিয়া টিলার দুর্গম পাহাড়ি এলাকায় দিনব্যাপী অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা, ভূজপুর ও হাটহাজারী থানা পুলিশ। এ সময় দুটি শটগানের কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্রের বাট, ট্রিগার, নল, ট্রিগার গার্ড, স্প্রিং, কাউন্টার রিকয়েল, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিনসহ অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, ওই পাহাড়ি এলাকায় রায়হান ও তার সহযোগীরা অবস্থান করে অস্ত্র তৈরির কার্যক্রম চালাত। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা আরও গভীর পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।

এদিকে পুলিশের অভিযানের মুখে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে রায়হান ও তার সহযোগীরা। একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে একটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে করে এলাকা ত্যাগের সময় সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় স্থানীয় লোকজন তাদের গতিরোধের চেষ্টা করেন। এ সময় রায়হান ও তার সহযোগীরা এলোপাতাড়ি গুলি ছুড়লে শটগানের গুলিতে ছয়জন সাধারণ মানুষ আহত হন। পরে স্থানীয়রা রায়হানের বিশ্বস্ত সিএনজি চালক মো. জাবেদ হোসেনকে আটক করেন।

খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যরা অভিযানে নামেন। রাতভর বিভিন্ন স্থানে তল্লাশি, অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনার পাশাপাশি ২৪ নভেম্বরও অভিযান অব্যাহত থাকে।

এরপর ২৫ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রায়হান ও তার আশ্রয়দাতা এজাহার মিয়া খাগড়াছড়ি থেকে সহযোগীদের মাধ্যমে গুলি সংগ্রহের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে চেকপোস্ট ও তল্লাশি জোরদার করা হয়। সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে ভূজপুর থানার কাজীরহাট সংলগ্ন কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও শটগানের ১০ রাউন্ড শীসা কার্তুজসহ রায়হানের দুই সহযোগী মো. এমরান হোসেন মাসুদ (২০) ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে (২১) গ্রেপ্তার করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার সহযোগী মো. ইকতিয়ার ফরহাদকে (২০) গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ইকতিয়ার জানায়, বন্দুকটি এজাহার মিয়া এবং পিস্তলের গুলিগুলো রায়হান তার কাছে রেখেছিল।

পরবর্তী সময়ে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য ও জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, রায়হান তার সহযোগীদের নিয়ে সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড়ে এজাহার মিয়ার ঘনিষ্ঠ সহযোগী মো. মহররম আলীর (২৮) বাড়িতে আত্মগোপনে ছিল। সেখানে অভিযান চালিয়ে মহররম আলীকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যমতে, বাড়ি থেকে রায়হানের নিজ ব্যবহৃত ইতালির তৈরি একটি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে মহররম আলী জানায়, রায়হান ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত তার বাড়িতে অবস্থান করেছিল। পরে অন্যত্র চলে যাওয়ার সময় নিজের ব্যবহৃত পিস্তল ও গুলিগুলো তার কাছে রেখে যায়। পুলিশের ধারাবাহিক গোয়েন্দা তৎপরতা ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে শেষ পর্যন্ত রায়হানের ব্যবহৃত বিদেশি পিস্তলটি উদ্ধার করা সম্ভব হয়।

এ ছাড়া গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাজীরহাট এলাকায় আরেকটি অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার সহযোগী জনার্ধন দে (৬৫)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছে আরও একটি পিস্তল থাকার তথ্য পাওয়া গেলেও অস্ত্রটি অন্যত্র হস্তান্তর করায় তা উদ্ধার করা সম্ভব হয়নি।

গ্রেপ্তারকৃত ছয়জন হলেন: মো. এমরান হোসেন মাসুদ (২০), কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. ইকতিয়ার ফরহাদ (২০), মো. মহররম আলী (২৮), জনার্ধন দে (৬৫) ও মো. জাবেদ হোসেন (২৫)।

উদ্ধার করা আলামত: ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল একটি, পিস্তলের ম্যাগাজিন দুটি, পিস্তলের গুলি ২২ রাউন্ড, একনলা বন্দুক একটি, শটগানের শীসা কার্তুজ ১২ রাউন্ড, শটগানের খালি খোসা দুটি, অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম এবং একটি মোটরসাইকেল।

দুর্গম পাহাড়ি পরিবেশ, সশস্ত্র অপরাধীদের সম্ভাব্য হামলার ঝুঁকি ও অপরাধীদের অবস্থান পরিবর্তনের মধ্যেও পুলিশ সদস্যরা সাহসিকতা ও পেশাদারত্বের সঙ্গে অভিযান পরিচালনা করেন। অভিযানে স্থানীয় জনগণও পুলিশকে সহযোগিতা করেন।

পুলিশের এ ধারাবাহিক অভিযানে এলাকায় অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী তৎপরতা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে অভিযানের মূল লক্ষ্য শীর্ষ সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তার করা।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!