ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণ

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ২৬, ২০২৬, ০৯:৪০ পিএম গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণ

শীতের কুয়াশাচ্ছন্ন ভোর। শিশিরে ভেজা মেঠোপথে মানুষের আনাগোনা শুরুর আগেই খেজুর গাছে উঠছেন গাছিরা; নামছেন রসের হাড়ি নিয়ে। পাখির ডাকে মুখর ভোরের এমন দৃশ্য মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া, বেথুড়ি, লক্ষ্মীপুর, উরুা ও নহাটা-ইন্দ্রপুর গ্রামে প্রাণবন্ত হয়ে উঠেছে।

‘ঠিলে ধুয়ে দে বউ গাছ কাটতি যাবো’ অনিল হাজারিকার গাওয়া এই জনপ্রিয় আঞ্চলিক গান যেন নতুন করে জীবন্ত হয়ে উঠেছে গ্রামীণ জনপদে। তবে এ আয়োজন কেবল স্মৃতিকাতরতার নয়; গ্রামীণ অর্থনীতিতে বাণিজ্যিক সম্ভাবনারও নতুন দুয়ার খুলেছে।

স্থানীয় গাছিদের পাশাপাশি রাজশাহীর বাঘা উপজেলা থেকে আসা অভিজ্ঞ গাছিরা উপজেলার পলাশবাড়ীয়া, বেথুড়ি ও নহাটা-ইন্দ্রপুরে রস সংগ্রহ ও খাঁটি গুড়-পাটালি তৈরির কর্মযজ্ঞ শুরু করেছেন। রাজশাহীর বাঘার যোত্রাঘোপ গ্রাম থেকে আসা বাবু আলী, হাশেম আলী এবং চকোনাইত গ্রামের সাইফুল ইসলাম পলাশবাড়ীয়া ও বেথুড়ি গ্রামের ২০৩টি খেজুর গাছ লিজ নিয়েছেন। এই উপজেলার তুলসীপুর গ্রামের গাছি হাফিজুর রহমান নহাটা-ইন্দ্রপুর গ্রামে লিজ নিয়েছেন দেড় শতাধিক গাছ। এছাড়া, উপজেলার লক্ষীপুর, উরুড়াসহ বিভিন্ন এলাকায় স্থানীয় গাছিরাও রস আহরণ এবং গুড়-পাটালি তৈরি করছেন।

ভোরে রস নামানোর পর শুরু হয় জ্বাল দেয়ার ব্যস্ততা। কড়া জ্বালে রস টগবগ করে ফুটে গাঢ় লাল রঙ ধারণ করে, আর মিষ্টি ঘ্রাণে ভরে ওঠে চারপাশ।

গাছিরা জানান, নিজ এলাকায় খেজুর গাছ কমে যাওয়ায় এবং মহম্মদপুরের রসের মান ভালো হওয়ায় তারা এখানে আসেন। মৌসুমে গাছ প্রতি মালিককে দুই কেজি করে গুড়-পাটালি দিতে হয়। বর্তমানে প্রতি কেজি গুড়-পাটালি ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা থেকে মৌসুমে প্রত্যেক গাছি লাখ টাকা মুনাফার আশা করছেন।

চিনি বা রাসায়নিকমুক্ত প্রাকৃতিক হওয়ায় এখানকার গুড়-পাটালির চাহিদা ব্যাপক। স্থানীয় গন্ডি পেরিয়ে ঢাকা ও দেশের নানা প্রান্তসহ বিদেশেও যাচ্ছে এই খাঁটি গুড়ি-পাটালি। অনেক ক্রেতা সরাসরি চুলার পাশ থেকেই গরম গুড়-পাটালি কিনে নিচ্ছেন। শীতের পিঠাপুলির উৎসবের সঙ্গে মিলেমিশে খেজুরের রস-গুড় গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে টিকিয়ে রেখেছে।

উপজেলা কৃষি অফিসার ইশরাত জাহান শিলু বলেন, ‘খেজুর গাছ অত্যন্ত সম্ভাবনাময় ও লাভজনক বৃক্ষ; এর রস ও গুড়-পাটালির আয়ও আশানুরূপ।’

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!