ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি, পাবনা | নভেম্বর ২৭, ২০২৬, ০৭:৫৮ পিএম রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। গত শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।

এ নিয়ে চলতি বছরে রাশিয়া থেকে ঢাকায় আনা পারমাণবিক জ্বালানির মোট ৯টি চালান রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল। এর আগে কয়েক দফায় বিশেষ কার্গো বিমানে রাশিয়া থেকে এসব জ্বালানি ঢাকায় আনা হয়। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে সেগুলো প্রকল্প এলাকায় নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সেনাবাহিনীর তত্ত্বাবধানে এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় ইউরেনিয়াম রূপপুরে নেওয়া হয়। ঢাকা থেকে রূপপুর পর্যন্ত সংশ্লিষ্ট জেলাগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় গাড়িবহরের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে দুই দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে। বর্তমানে এটি বাণিজ্যিক উৎপাদন শুরুর আগের পর্যায়ে রয়েছে।
গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো প্রথম ইউনিটটি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়। এ দফায় টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ সময় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক মূল্য ছিল ৭ কোটি ৬ লাখ টাকা। পরে গত মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।
জাতীয় সঞ্চালন লাইন সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় রূপপুরের প্রথম ইউনিট থেকে ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।
বিদ্যুৎকেন্দ্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ের পরও তা অব্যাহত থাকে। শেষ পর্যন্ত প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়।
প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অগ্রযাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রে এনপিসিবিএলের উল্লেখযোগ্য অর্জন।
তারা জানান, দ্বিতীয় দফায় সফলভাবে বিদ্যুৎ সরবরাহের পর ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহের সময় বিভিন্ন পরিচালনগত পরিমাপক, টারবাইন-জেনারেটর ব্যবস্থা এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও কর্মক্ষমতা বিশ্লেষণ করা হচ্ছে।
এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ করা হবে। এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়েছিল।
প্রকল্প সূত্রে জানা গেছে, পরীক্ষামূলক পরিচালনা সফলভাবে শেষ হলে প্রথম ইউনিট থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। প্রকল্পটির মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এর প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!