যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে রানওয়েতে চলাচলের সময় আমেরিকান এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহী বিমানের ডানায় সংঘর্ষ হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার কিছু পর এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হননি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর নিউইয়র্ক পোস্টের
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) অডিও থেকে এ তথ্য জানা গেছে। এফএএ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে উড্ডয়নের প্রস্তুতি হিসেবে ট্যাক্সি করার সময় আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৬৩৮-এর ডানার সঙ্গে ফ্লাইট ২১৫২-এর ডানার সংঘর্ষ হয়।
এটিসির অডিওতে জানা যায়, ডালাসগামী ফ্লাইট ৬৩৬-এর বিমানটি শিকাগোগামী অন্য বিমানটির সঙ্গে ধাক্কা খায়। লাইভএটিসি থেকে পাওয়া অডিওর বরাতে দেশটির ৭নিউজ জানিয়েছে, আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৬৩৮-এর এক পাইলট এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকর্মীদের বলেন, ‘আমরা হোল্ড শর্ট লাইনের কিছুটা বাইরে চলে গেছি। দুর্ভাগ্যবশত, পেছনে পাশের আমেরিকান এয়ারলাইন্সের বিমানের সঙ্গে আমাদের ডানার ধাক্কা লেগেছে।’
আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, সংঘর্ষে বোয়িং ৭৩৭-৮০০ মডেলের দুটি বিমানের ডানার প্রান্ত পরস্পরের সংস্পর্শে আসে। এ ঘটনায় কেউ আহত হননি। সংঘর্ষের পর উভয় বিমানই গেটে ফিরে যায় এবং রক্ষণাবেক্ষণ দলের পরিদর্শনের জন্য সেগুলো চলাচল থেকে সরিয়ে নেয়া হয়েছে।
বিমান সংস্থাটি আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বোস্টন ও শিকাগোগামী ফ্লাইট দুটি স্থানীয় সময় এদিন সন্ধ্যার পর আবার যাত্রা করার কথা রয়েছে। বিবৃতিতে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে আমেরিকান এয়ারলাইন্স জানায়, যত দ্রুত সম্ভব যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে তারা কাজ করছে।
কালের সমাজ/এসআর

