বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার অভ্যন্তরে আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (৩৫) নামের এক বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ টার্গুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৫২ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ৪০০ মিটার দূরে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখলকৃত ‘ডুইল্যাঝিরি ক্যাম্প’ সংলগ্ন এলাকা রয়েছে। সেখানে আগে থেকেই পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে সীমান্ত এলাকায় অবস্থানরত বাংলাদেশি নাগরিক সাইফুল আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানা গেছে। আহত মো. সাইফুল নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার মো. সাবেরের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিয়ানমার অভ্যন্তরে ঘটেছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সীমান্তবর্তী এলাকায় নজরদারি অব্যাহত রয়েছে। এদিকে, এই অনভিপ্রেত ঘটনার পর থেকেই সাধারণ মানুষের সুরক্ষায় সীমান্ত এলাকায় বিজিবি’র টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কালের সমাজ/কে.পি

