ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের স্টপেজের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি,মৌলভিবাজার | আগস্ট ২৫, ২০২৬, ০৯:৫১ পিএম শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের স্টপেজের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের স্টপেজ এর দাবিতে সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।


হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাসে শ্রীমঙ্গলে কোনো স্টপেজ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। এ অবস্থায় দীর্ঘদিনের এ ভোগান্তির অবসানে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের জনসাধারণ ও হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থা।


এসময় বক্তারা বলেন, শ্রীমঙ্গল গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা হলেও এখানে স্টপেজ না থাকায় শিক্ষা, চিকিৎসা ও ব্যবসায়িক প্রয়োজনে হবিগঞ্জ ও সিলেটমুখী যাত্রীদের নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাত্রীরা বাসে উঠতে না পেরে সময় ও অর্থ ব্যয় করে অন্য পরিবহনে যেতে বাধ্য হচ্ছেন। আবার কেউ কেউ গন্তব্যের আগে-পরে নেমে বাড়তি ভোগান্তিতে পড়ছেন।

সংস্কৃতিকর্মী তারেক ইকবালের সঞ্চালনায় বক্তব্য দেন—হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার সভাপতি নিহার রঞ্জন দেবনাথ, মহিলা সম্পাদিকা মিতালী দত্ত, কোষাধ্যক্ষ সুলতান আহমদ, সদস্য ওয়াহিদ হাসান, সুজন শ্রীমঙ্গল উপজেলার সাধারণ সম্পাদক কাওছার ইকবাল, বিশিষ্ট কলামিস্ট আরপি নিউজ এর সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ প্রমুখ।

বক্তারা স্পষ্ট বলেন, শ্রীমঙ্গলবাসী বিশেষ সুবিধা নয়, শুধু ন্যায্য অধিকার চায়। দ্রুত স্টপেজ চালু না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। সাধারণ যাত্রীরা প্রশ্ন তোলেন—একটি স্টপেজে শত শত মানুষের সময় ও অর্থ বাঁচলে এ দাবি বাস্তবায়নে অনীহা কেন?

মানববন্ধনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসে শ্রীমঙ্গলে যাত্রী ওঠানামার ব্যবস্থা করার জোর দাবি জানানো হয়।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!