স্পেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি যুবকের করুণ মৃত্যু হয়েছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির তথ্য অনুযায়ী, নিহত ওই যুবকের নাম ইউসুফ হাসান আলিফ। তার বয়স প্রায় ২৫ বছর। অগ্নিকাণ্ডে ধোঁয়াজনিত বিষক্রিয়া এবং শ্বাসনালিতে মারাত্মক দগ্ধ হওয়ার কারণে তার মৃত্যু হয়।
জানা যায়, স্থানীয় সময় রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় মাদ্রিদের আরগানসুয়েলা জেলার কায়ে কানারিয়াস এলাকায় একটি ভবনের নিচতলার গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যারেজটিতে স্টোররুমের পাশাপাশি বিপুলসংখ্যক ইলেকট্রিক বাইসাইকেল রাখা ছিল।
জরুরি সেবা সংস্থা এমেরহেনসিয়াস মাদ্রিদ জানায়, রাত ৮টার কিছু আগে আগুনের খবর পেয়ে মাদ্রিদ সিটি কাউন্সিলের দমকল বাহিনীর ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। সেখানে গিয়ে তারা গ্যারেজের ভেতরে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়ার দৃশ্য দেখতে পান।
তবে প্রচণ্ড তাপ, ঘন ধোঁয়া এবং গ্যারেজের জটিল কাঠামোর কারণে উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে পড়ে। দীর্ঘ প্রচেষ্টার পর দমকলকর্মীরা আগুনের কেন্দ্রস্থলের কাছ থেকে এক যুবককে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
সামুর-প্রোটেকসিওন সিভিলের চিকিৎসাকর্মীরা জানান, ধোঁয়াজনিত বিষক্রিয়া এবং শ্বাসনালিতে মারাত্মক দগ্ধ হওয়ার কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে।
এদিকে আগুন নিয়ন্ত্রণে আনার পরও কয়েক ঘণ্টা ধরে গ্যারেজের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণ এবং এলাকা নিরাপদ করার কাজ চালিয়ে যান দমকলকর্মীরা। আগুন পুনরায় ছড়িয়ে পড়ার আশঙ্কায় ভেতরে থাকা ইলেকট্রিক বাইসাইকেলগুলোও বাইরে সরিয়ে নেয়া হয়।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জানিয়েছেন, নিহত ইউসুফ হাসান আলিফ মাদ্রিদে উবার চালক হিসেবে কাজ করতেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে তার পরিচয় নিশ্চিত করেনি।
এদিকে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। স্পেনের ন্যাশনাল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে সহযোগিতা করছে মাদ্রিদ মিউনিসিপাল পুলিশ।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্পেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নিহত যুবকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
কালের সমাজ/এসআর

