ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

মান্দায় শিক্ষার সাফল্য উদযাপন, সম্মাননা পেল ২৭৬ শিক্ষার্থী ও ৪৯ প্রতিষ্ঠান

এম এ মতিন, মান্দা (নওগাঁ) | আগস্ট ২৫, ২০২৬, ০৯:১৭ পিএম মান্দায় শিক্ষার সাফল্য উদযাপন, সম্মাননা পেল ২৭৬ শিক্ষার্থী ও ৪৯ প্রতিষ্ঠান

নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব ও সাফল্যের স্বীকৃতি হিসেবে ২৭৬ জন কৃতী শিক্ষার্থী এবং ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মান্দা উপজেলা পরিষদ মুক্তমঞ্চে মান্দাউপজেলা প্রশাসনের আয়োজনে ‘কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃতকরণ ২০২৬ ও সাফল্য অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান পুরস্কৃতকরণ ২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে এ প্লাস (A+) অর্জনকারী শিক্ষার্থীদের পাশাপাশি জুনিয়র বৃত্তি পরীক্ষা (স্কুল ও মাদ্রাসা) এবং প্রাথমিক ও ইবতেদায়ী পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। এছাড়া বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল ও শিক্ষাক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে উপজেলার ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। শুধু ভালো ফলাফল নয়, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। মেধা ও সাফল্যের স্বীকৃতি শিক্ষার্থীদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।”

তিনি আরও বলেন, “মান্দার শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে যে সাফল্য অর্জন করছে, তা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

অনুষ্ঠানে ২৭৬ জন কৃতী শিক্ষার্থী এবং সাফল্য অর্জনকারী ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক এমদাদুল হক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, শিক্ষক নেতা গোলাম সরোয়ার স্বপন, আনিসুর রহমান, সদেরুল ইসলাম, নাসির উদ্দিন সরদার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক ছাত্রনেতা জামিল হোসেন প্রামাণিক এবং নূর এনায়েত মোহাম্মদ নুরুজ্জামান (হারুন) প্রমূখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জোগাবে। একই সঙ্গে এ ধরনের আয়োজন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!