সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।
বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় এই অনন্য সাফল্য অর্জন করেন তিনি। নুরুদ্দিন জাকারিয়া রাজধানী ঢাকার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী।
চতুর্থ শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কোরআন হিফজ, শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা মূল্যায়ন করা হয়। আন্তর্জাতিক বিচারকমণ্ডলীর কঠোর মূল্যায়নের মাধ্যমে সেরা হিসেবে নির্বাচিত হন বাংলাদেশের এই কোরআনের হাফেজ।
গত বুধবার মক্কার মসজিদুল হারামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের পুরুষ ও নারী প্রতিযোগীরা অংশ নেন। ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণ হিসেবে এবারের আসরে ১৩৩ দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগে মোট ৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে।
এবারের প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল, যা এই প্রতিযোগিতার ইতিহাসে অন্যতম সর্বোচ্চ। এর মূল লক্ষ্য হলো তরুণদের পবিত্র কুরআন মুখস্থ করা, এর শিক্ষা অনুধাবন এবং কোরআনের প্রতি আগ্রহ বাড়ানো।
এদিকে, একই প্রতিযোগিতার ৩০ পারা গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিযোগী হাফেজ মাহমুদুল হাসান আশরাফী তৃতীয় স্থান অর্জন করেছেন।
কালের সমাজ/এসআর

