মদিনায় আগত ওমরাহ যাত্রী ও পর্যটকদের যাতায়াত সহজ করতে চালু হয়েছে ই-বাইক সেবা। কেয়ারিম অ্যাপের মাধ্যমে খুব সহজেই এই আধুনিক পরিবহন সুবিধা গ্রহণ করা যাচ্ছে। এই ই-বাইক সেবা ঐতিহাসিক স্থানগুলোতে ভ্রমণকে আরও আনন্দদায়ক ও সাশ্রয়ী করে তুলেছে।
মদিনায় আগত ওমরাহ যাত্রী ও পর্যটকদের যাতায়াত আরও সহজ ও আনন্দদায়ক করতে কেয়ারিম অ্যাপের মাধ্যমে চালু হয়েছে ই-বাইক সেবা। মসজিদে নববীর প্রতিটি গেটের কাছেই রয়েছে এই বাইক স্টেশনগুলো। ওমরাহ যাত্রীরা খুব সহজেই অ্যাপ ব্যবহার করে এই সেবা গ্রহণ করতে পারছেন।
এ বাইক মূলত দুটি প্যাকেজে এই সেবা দিচ্ছে।
এক দিনের জন্য ২৫ রিয়াল এবং তিন দিনের ‘জিয়ারাহ পাস’-এর জন্য ৩৯ রিয়াল খরচ হবে। তবে শর্ত হল, প্রতিবার বাইক ব্যবহারের সময় ৩০ মিনিটের মধ্যে ডকিং স্টেশনে বাইকটি ফেরত দিতে হবে। ৩০ মিনিটের বেশি সময় ধরে বাইক ব্যবহার করলে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে। তবে একটি বাইক জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে পুনরায় অন্য বাইক আনলক করে যাত্রা অব্যাহত রাখা যাবে।
এই ই-বাইক নেটওয়ার্কের মাধ্যমে ওমরাহ যাত্রী ও পর্যটকরা এখন খুব সহজেই মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, মসজিদে গামামা, মসজিদে আবু বকর ও উহুদ পাহাড়সহ মদিনার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলোতে যাতায়াত করতে পারছেন। অনেক হাজি আগে হেঁটে বা হপ-অন হপ-অফ বাসে যাতায়াত করতেন, কিন্তু এখন কেয়ারিম বাইক তাদের জন্য একটি দ্রুত ও সাশ্রয়ী বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে।
বাইক ব্যবহারের আগে অ্যাপের মাধ্যমে চার্জের অবস্থা দেখে নেওয়া এবং কিউআর কোড স্ক্যান করে বাইক আনলক করা অত্যন্ত সহজ। মদিনার পথে ওমরাহ যাত্রী ও পর্যটকদের জন্য এই আধুনিক উদ্যোগটি যাতায়াতের চাপ কমিয়ে তাদের ইবাদত ও দর্শনীয় স্থান ভ্রমণের অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলছে।
কালের সমাজ/এসআর

