কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দসহ মো. জাকারিয়া ইদ্রীস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ২টা ১০ মিনিটে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে চেকপোস্ট পরিচালনা করে।
এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে পিকআপের বডির ওপরের স্টিলের পাত কেটে বিশেষ কৌশলে তৈরি করা গোপন স্থান থেকে ৩৩টি জ্যামিতি বক্সে রাখা ১৮০টি প্যাকেটে মোট ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার মো. জাকারিয়া ইদ্রীস কক্সবাজারের টেকনাফ উপজেলার রাঙ্গাখালী এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত শফিকুর রহমান এবং মায়ের নাম ফাতেমা খাতুন।
উদ্ধার করা অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ইয়াবা এবং জব্দ করা পিকআপের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কালের সমাজ/কে.পি

