ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকের মর্যাদা ও দায়বদ্ধতার বার্তা

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি | অক্টোবর ৫, ২০২৬, ০৮:০৭ পিএম মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকের মর্যাদা ও দায়বদ্ধতার বার্তা

শিক্ষক শুধু পাঠ্যবইয়ের পাঠ দেন না, আলোর পথে এগিয়ে দেন একটি প্রজন্মকে। তাঁদের হাত ধরেই গড়ে ওঠে ভবিষ্যতের মানুষ, সমাজ ও রাষ্ট্র। সেই মহান পেশার মানুষদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা। সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে বের হওয়া র‌্যালিটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শিক্ষক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং নওহাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু নাইম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরীফ, মাধ্যমিক একাডেমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম শরীফ, উজানি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজন বিশ্বাস, সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক সনোজ কুন্ডু, এসজে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল মন্ডল, প্রভাকরদী আবুবকর সিদ্দিকী দাখিল মাদ্রাসার সুপার রবিউল ইসলাম এবং ১ নং টেংরাখোলা সরকারি প্রাথমিক মডেল স্কুলের প্রধান শিক্ষিকা আছমা খানমসহ অনেকে। বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

 একজন আদর্শ শিক্ষক শুধু শিক্ষার্থীদের জ্ঞান দেন না; তাঁদের নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করেন। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ এবং পেশাগত উন্নয়নের সুযোগ নিশ্চিত করা জরুরি। আলোচনায় বক্তারা আরও বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে শিক্ষকের ভূমিকা আরও বিস্তৃত হয়েছে। তথ্যের ভিড়ে শিক্ষার্থীদের সঠিক পথ দেখানো, মানবিক মূল্যবোধে গড়ে তোলা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করার দায়িত্বও শিক্ষকদের। বিশ্ব শিক্ষক দিবসের এই আয়োজন তাই শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; বরং শিক্ষকতার মহান দায়িত্ব ও সমাজ গঠনে শিক্ষকের অবদানের প্রতি নতুন করে শ্রদ্ধা জানানোরও একটি উপলক্ষ। কারণ, একটি ভালো শ্রেণিকক্ষ থেকেই একদিন তৈরি হয় একজন ভালো মানুষ, আর ভালো মানুষদের হাত ধরেই এগিয়ে যায় একটি দেশ।
কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!