শিশু অধিকার বিষয়ে সচেতনতা তৈরিতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্টের ২৪ বিএনসিসি ব্যাটালিয়নের অধীনস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনসিসির উদ্যোগে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) এ কর্মসূচি আয়োজন করা হয়। দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে র্যালিটি শুরু হয়ে ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শিশু অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সেনা প্লাটুনের প্রফেসর আন্ডার অফিসার ড. মাসুদ রানা, নৌ শাখার প্রফেসর আন্ডার অফিসার ফাহাদ হোসেন, ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) মুহিবুল্লাহ নোমানসহ অন্যান্য ক্যাডেট এবং ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ড. মাসুদ রানা বলেন, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও চিকিৎসাসহ সব মৌলিক অধিকার সমানভাবে ভোগ করা শিশুদের অধিকার। তবে অর্থনৈতিক ও সামাজিক নানা সীমাবদ্ধতার কারণে দেশের সব শিশু এসব অধিকার সমানভাবে ভোগ করতে পারছে না। সামাজিক নিরাপত্তার অভাব, সাইবার বুলিং, শিশুশ্রম ও বাল্যবিবাহ শিশুদের অধিকার রক্ষায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, শিশু অধিকার রক্ষায় শিশু ও অভিভাবকদের পাশাপাশি সমাজের সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে প্রচলিত আইন মেনে চলার পাশাপাশি কোথাও এমন ঘটনা ঘটলে জাতীয় শিশু হেল্পলাইন ১০৯৮-এ জানাতে হবে।
তিনি আরও বলেন, শিশু অপহরণ, নির্যাতন, যৌন হয়রানি বা অন্য কোনো অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে জাতীয় জরুরি সেবা ৯৯৯, নিকটস্থ থানা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সহায়তা নিতে হবে। একই সঙ্গে শিশুদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিও অনিরাপদভাবে শেয়ার না করার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
কালের সমাজ/কে.পি

