ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

খুলনায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

জেলা প্রতিনিধি,খুলনা | আগস্ট ২৫, ২০২৬, ০৯:৪৪ পিএম খুলনায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

খুলনা জেলার নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় খুলনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের চলমান কার্যক্রম, অপরাধ দমন, জননিরাপত্তা এবং গণমাধ্যমের সঙ্গে পুলিশের সমন্বয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা এবং পুলিশের সঙ্গে গণমাধ্যমের পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় করেন নবাগত পুলিশ সুপার।
সভায় সাংবাদিকরা খুলনা জেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চাঁদাবাজি, কিশোর অপরাধ, ছিনতাই, যানজট, মামলা তদন্তে দীর্ঘসূত্রতা এবং পুলিশের সেবার ক্ষেত্রে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা জানান তারা।
নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুক সাংবাদিকদের বিভিন্ন বক্তব্য ও পরামর্শ শোনেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে সঠিক তথ্য পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!