ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

নবম পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ২০, ২০২৬, ১২:২১ পিএম নবম পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি

বহুলপ্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে প্রস্তাবটির চূড়ান্ত অনুমোদন পেতে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য জোর প্রস্তুতিতে এগোচ্ছে অর্থ বিভাগ। মূল বেতনের বাইরে বিভিন্ন রকমের ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে বাড়ানো-কমানো নিয়ে সৃষ্ট জটিলতা দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আশা করা হচ্ছে, আগামী মাসের প্রথম দিকেই মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদিত হবে। এরপর নিয়ম অনুযায়ী আইনগত দিক বিশ্লেষণে ভেটিংয়ের জন্য পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। সেটা সম্পন্ন হলে সেপ্টেম্বরের মাঝামাঝিতে গেজেট প্রকাশ করা হবে। অর্থ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এর আগে আগস্টের মধ্যে গেজেট প্রকাশের কথা থাকলেও বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় এবং সরকারের আর্থিক সক্ষমতা নিয়ে পর্যালোচনার কারণে সময় পিছিয়েছে। এখন মন্ত্রিসভায় উপস্থাপনের আগে বেতন কাঠামোর অবশিষ্ট জটিলতা দ্রুত নিষ্পত্তির ওপর জোর দেওয়া হচ্ছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত উচ্চপর্যায়ের সচিব কমিটির কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আরও একটি বৈঠকের প্রয়োজন হবে। এরপরই তা মন্ত্রিসভার বৈঠকের উপস্থাপনের জন্য প্রেরণ করবে অর্থ বিভাগ। এরপর মন্ত্রিসভার অনুমোদন নিয়ে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে।

এদিকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও জানিয়েছেন, সংশ্লিষ্ট কমিটির কাজ শেষ হলেই প্রস্তাবটি মন্ত্রিসভায় যাবে। চলতি বছরের মধ্যেই নতুন এই বেতন কাঠামো কার্যকর করা হবে বলেও তিনি জানিয়েছেন।

গতকাল অর্থ বিভাগের একটি সূত্র জানায়, অর্থমন্ত্রী হয়তো হাতে কিছুটা সময় রেখেই এমন ঘোষণা দিয়েছেন। তবে সরকার এবং আমরা যেভাবে এগুচ্ছি তাতে সেপ্টেম্বরের মাঝামাঝিতেই গেজেট প্রকাশ করা হবে।

১ জুলাই থেকে কার্যকর ধরেই এগোচ্ছে : সরকার চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের ঘোষণা দিয়েছে। তবে গেজেট প্রকাশে বিলম্ব হওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা আপাতত পুরোনো কাঠামোতেই বেতন পাচ্ছেন।

সংশ্লিষ্টরা বলছেন, গেজেট হলে ১ জুলাই থেকে কার্যকর ধরে বকেয়া বেতন-ভাতা সমন্বয়ের সুযোগ রাখা হতে পারে। তবে আর্থিক সংকটের কারণে বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে দুই ধাপে। সেটাতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী প্রথম ধাপে মূল বেতন এবং পরের ভাতাসহ অন্যান্য সুবিধাসমূহ কার্যকর করা হবে।

অবশ্য পে-কমিশনের সুপারিশের তুলনায় বেতন বৃদ্ধির হারও কিছুটা কমানোর বিষয়ে সুপারিশ করেছে সচিব কমিটি।

কালের সমাজ/এসআর

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!