ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

পাটুরিয়ায় ওয়াই-টাইপ সেতুর সম্ভাব্যতা যাচাই শুরু হচ্ছে

কালের সমাজ ডেস্ক | আগস্ট ১৬, ২০২৬, ০৯:২০ পিএম পাটুরিয়ায় ওয়াই-টাইপ সেতুর সম্ভাব্যতা যাচাই শুরু হচ্ছে

মানিকগঞ্জের পাটুরিয়া থেকে পাবনার কাজীরহাট এবং রাজবাড়ীর দৌলতদিয়াকে সংযুক্ত করে ওয়াই-টাইপ সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের (ফিজিবিলিটি স্টাডি) নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

রোববার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানের পর মানিকগঞ্জে আয়োজিত উন্নয়ন সভায় এসব কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, পাটুরিয়া থেকে একটি সংযোগ কাজীরহাট এবং আরেকটি দৌলতদিয়ার দিকে যাবে—এমন ওয়াই-টাইপ সেতুর বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যাতে ফিজিবিলিটি স্টাডি করা হয়। সম্ভাব্যতা যাচাইয়ের পর প্রকল্পটির বাস্তবায়নযোগ্যতা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যাবে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। দীর্ঘদিন ধরে এ নৌরুটে সেতু নির্মাণের দাবি রয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিলে মন্ত্রী আফরোজা খানম রিতা পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন।

উন্নয়ন সভায় মন্ত্রী সরকারি উন্নয়নকাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্বারোপ করেন। যেসব ঠিকাদার কাজ শুরু করে অসমাপ্ত রেখে চলে গেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। কাজ ফেলে রাখার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে বলেও উল্লেখ করেন।

মন্ত্রী জানান, মানিকগঞ্জ সদর উপজেলায় গত পাঁচ মাসে ১০০ কোটি টাকা উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া সদর উপজেলার চারটি সেতু নির্মাণে ৩০০ কোটি টাকার বরাদ্দ প্রক্রিয়াধীন রয়েছে। মানিকগঞ্জ জেলায় এলজিইডির মাধ্যমে সড়ক ও সেতু নির্মাণে ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

সভায় মন্ত্রী বলেন, সরকারের দেওয়া বরাদ্দের কাজ যথাসময়ে বাস্তবায়ন করতে হবে। বরাদ্দের অর্থ অব্যবহৃত থেকে ফেরত গেলে তা দুঃখজনক হবে। আগামীতে এসব উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌসসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

Link copied!