ভোলার বোরহানউদ্দিনে ও লক্ষ্মীপুরের রামগতিতে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত জানান লক্ষ্মীপুরের রামগতি থানাধীন সেকান্তর এলাকায় গত ১১ আগস্ট ২০২৬ মঙ্গলবার বিকাল ৫ টায় কোস্ট গার্ড আউটপোস্ট রামগতি কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ ৮৬ হাজার টাকা মূল্যের ৭১৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। এসময় প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অপরদিকে, ভোলার বোরহানউদ্দিন থানাধীন হাকিমুদ্দিন লঞ্চঘাট ও বোরহানগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় একই দিন রাত ১০ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ১ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত পলিথিন ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট বিনষ্ট করার জন্য হস্তান্তর করা হয়।
কালের সমাজ/কে.পি

