গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজসহ কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৫ আগস্ট) রাতে যৌথ বাহিনীর সহায়তায় খুলনার খালিশপুর এলাকায় অভিযান চালায় কাশিয়ানী থানা পুলিশ। এ সময় নাশকতামূলক কর্মকাণ্ডসহ একাধিক মামলার আসামি সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজকে তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের আয়োজন করা হয়। এসব মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা ও বিশ্লেষণ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে।
কাশিয়ানী ও মুকসুদপুর থানা পুলিশ জানিয়েছে, যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
কালের সমাজ/কে.পি

