ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

মৎস্য সম্পদ রক্ষায় চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ শুরু

জেলা প্রতিনিধি, বাগেরহাট | আগস্ট ১৬, ২০২৬, ১০:১৯ পিএম মৎস্য সম্পদ রক্ষায় চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ শুরু

‘রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে শুরু হয়েছে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬।

আজ রোববার (১৬ আগস্ট) সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা (র‍্যালি) ও আলোচনা সভার মধ্য দিয়ে এই আয়োজনের সূচনা হয়। মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে চিতলমারী জাতীয় মৎস্যপক্ষ উদ্‌যাপন কমিটি এই কর্মসূচির আয়োজন করে।

সকাল ৯টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার, চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী।

এছাড়াও শোভাযাত্রায় অংশ নেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. জিন্নাত আলী শেখ, সাধারণ সম্পাদক মো. আজিজুল মল্লিকসহ মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শোভাযাত্রা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চিতলমারী উপজেলা পরিষদ মিলনায়তনে এক উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারীর সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও খাদিজা আক্তার মৎস্য সম্পদের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘মৎস্য সম্পদ আমাদের অমূল্য জাতীয় সম্পদ। এর সঠিক রক্ষণাবেক্ষণ করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। আমরা মাছে-ভাতে বাঙালি; আমাদের দৈনন্দিন আমিষের চাহিদা মেটাতে মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

স্থানীয় মৎস্যচাষি ও সংশ্লিষ্টদের উৎসাহ দিতে আয়োজিত এই মৎস্যপক্ষ ঘিরে উপজেলার সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উদ্দীপনা লক্ষ করা গেছে।

কালের সমাজ/কে.পি

Link copied!