ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে পেটালেন ইউএনও

‎ময়মনসিংহ‎ প্রতিনিধি | আগস্ট ১২, ২০২৬, ১০:০৬ পিএম ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে পেটালেন ইউএনও

‎ময়মনসিংহের ত্রিশাল উপজেলার একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

‎বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে ইজারাদার পক্ষ জানিয়েছে।
‎সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইউএনও আনসার ও র‍্যাব সদস্যদের নিয়ে বালু বিক্রির পয়েন্টে গিয়ে কাগজপত্র দেখতে চান। এ সময় সৃষ্টি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক সারোয়ার জাহান ওরফে বাচ্চু অভিযানে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে ইউএনও তাকে থাপ্পড় মারেন। 

পরে র‍্যাবের এক সদস্য তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ইউএনও তার হাত থেকে লাঠি নিয়ে কয়েকবার আঘাত করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) তাকে থামানোর চেষ্টা করেন। ‎ইজারাদার পক্ষের দাবি, পরে সারোয়ার জাহানকে র‍্যাবের গাড়িতে করে ধলা এলাকায় নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কালের সমাজ/কে.পি

Link copied!