সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে গভীর রাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় আরো দুটি অবিস্ফোরিত হাত বোমা উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে কার্যালয় এলাকায় আকর্ষিকভাবে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা জানান, রাতে কোনো একসময় বিএনপি কার্যালয় লক্ষ্য করে অজ্ঞাত দূ:স্কৃতিকারিরা বোমা হামলার ঘটনা ঘটায়। ঘটনার পরপরই স্থানীয়রা সেখানে জড়ো হন এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে রাতেই খবর পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার ও এসআই মতিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে উপস্থিত হন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরে বোমা দুটি নিয়ে নিস্ক্রিয় করেন।
কালের সমাজ/কে.পি

