ব্রাজিলের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী মিনিবাস ও লরির মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। স্থানীয় সময় বুধবার ভোরে দেশটির পারানা রাজ্যের বিআর-৩৭৩ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মিনিবাসটি পাশের শহর ইমবিতুভার স্বাস্থ্য বিভাগের। এতে রোগী ও তাদের স্বজনেরা চিকিৎসার জন্য প্রায় ৬০ কিলোমিটার দূরের পন্তা গ্রোসায় যাচ্ছিলেন। দুর্ঘটনায় লরির চালকও নিহত হয়েছেন। কী কারণে দুই যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলো, তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর মহাসড়কটি প্রায় সাত ঘণ্টা বন্ধ ছিল। ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞ ও ফেডারেল মহাসড়ক পুলিশের সদস্যরা উদ্ধার ও তদন্তকাজ চালান।
ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি নিয়মিতই ঘটে। বিশ্বব্যাংকের এক গবেষণা অনুযায়ী, ২০২৩ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩৪ হাজারের বেশি মানুষ মারা যান। নিহতদের বড় একটি অংশ ছিলেন মোটরসাইকেল আরোহী। গবেষণা অনুযায়ী, অতিরিক্ত গতি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং গাড়ি চালানোর সময় মুঠোফোন ব্যবহার দেশটির সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।
কালের সমাজ/কে.পি

