বিশ্বমঞ্চে কক্সবাজারের নাম উজ্জ্বল করেছে মেধাবী শিক্ষার্থী পূর্ণতা সাহা। থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপ (ACL) গ্লোবাল রাউন্ডে অসাধারণ সাফল্য অর্জন করে সে জয় করেছে জোড়া গোল্ড মেডেল। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় একাধিক মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে মাত্র তৃতীয় শ্রেণির এই ক্ষুদে মেধাবী শিক্ষার্থী।
পূর্ণতা সাহা কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে কক্সবাজারের সাবেক ট্রাফিক ইন্সপেক্টর পলাশ সাহার একমাত্র কন্যা।
আন্তর্জাতিক মঞ্চে জোড়া গোল্ড মেডেল অর্জনের পাশাপাশি পূর্ণতা সাহার ঝুলিতে যুক্ত হয়েছে আরও বেশ কয়েকটি সম্মানজনক স্বীকৃতি। এর মধ্যে রয়েছে— ‘ডেইলি লাইফ আইনস্টাইন’ খেতাব, ‘ওয়ান ওয়ার্ল্ড স্টার অ্যাওয়ার্ড অব বাংলাদেশ’ এবং ‘ডাবল ক্রাউন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড’।
মাত্র তৃতীয় শ্রেণিতে পড়ুয়া পূর্ণতার এমন সাফল্য কক্সবাজার তথা বাংলাদেশের জন্য গর্বের বিষয় বলে মনে করছেন তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। আন্তর্জাতিক অঙ্গনে একজন শিক্ষার্থীর মেধার স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং দেশের হাজারো শিক্ষার্থীর জন্যও অনুপ্রেরণার উৎস।
পূর্ণতার বাবা পলাশ সাহা জানান, ‘স্পিকআপ’ থেকেই তার সন্তানের আন্তর্জাতিক পর্যায়ে পথচলার শুরু। স্পিকআপ-এর প্রতিষ্ঠাতা ও সিইও মোঃ রাসেলের উৎসাহ অনুপ্রেরণা এ সাফল্য অর্জনের মুল সহায়ক।
সন্তানের এই অর্জনে তিনি স্পিকআপ এর শিক্ষক-শিক্ষার্থী, সংশ্লিষ্ট সবাই এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে মেয়ের ভবিষ্যৎ সাফল্যের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও প্রতিভা যাচাইয়ের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের তুলে ধরার সুযোগ তৈরি করে অলিম্পিয়াডভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখার সুযোগ পায়।
পূর্ণতা সাহার এই অর্জন প্রমাণ করে—সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে কক্সবাজারের শিক্ষার্থীরাও বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়াতে পারে। তার এই সাফল্যের পথচলা ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থীকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
কালের সমাজ/কেপি

