ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

টর্চার সেল থেকে মিলল একাধিক ভুক্তভোগীর র-ক্ত-মা-খা জামা, আটক ৪

শ্রীপুর উপজেলা প্রতিনিধি, গাজীপুর | আগস্ট ১৯, ২০২৬, ০৮:৩৪ পিএম টর্চার সেল থেকে মিলল একাধিক ভুক্তভোগীর র-ক্ত-মা-খা জামা, আটক ৪

গাজীপুরের শ্রীপুরে এক ভয়ংকর ব্ল্যাকমেইলিং ও নির্যাতন চক্রের সন্ধান পাওয়া গেছে। প্রেমের ফাঁদে ফেলে (হানি ট্র্যাপ) কিংবা পথ আটকে তরুণ-তরুণী ও পথচারীদের জিম্মি করে অমানবিক নির্যাতন এবং মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করাই ছিল উপজেলার টেপিরবাড়ী এলাকার ওয়াজউদ্দিনের ছেলে খোকন মিয়া ও মূল হোতা শাকিব, এবং আপন, কলেজ ছাত্রী মুক্তা এদের প্রধান কাজ।

গত ১৫ আগস্ট। মাওনা চৌরাস্তার মোবাইল ব্যবসায়ী নাসির মোটরসাইকেলযোগে যাওয়ার পথে খোকন ও তার সহযোগীদের হামলার শিকার হন। তাকে রক্তাক্ত অবস্থায় খোকন মিয়ার বাড়িতে তুলে নিয়ে চালানো হয় পাশবিক নির্যাতন। খুলে ফেলা হয় পরনের কাপড়, ছিনিয়ে নেওয়া হয় একটি আইফোন ও একটি ওয়ানপ্লাস মোবাইল। পরবর্তীতে বন্ধুদের কাছ থেকে বিকাশের মাধ্যমে প্রায় ৪ লাখ টাকা মুক্তিপণ দিয়ে কোনোমতে প্রাণ নিয়ে ফেরেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী নাসির শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

নাসিরের ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দারা খোকনের বাড়ির ওপর কড়া নজর রাখছিলেন। মঙ্গলবার দুপুরের দিকে রহস্যজনকভাবে চারজন তরুণ-তরুণীকে ওই বাড়িতে ঢুকতে দেখে সন্দেহ হলে পুরো বাড়ি ঘিরে ফেলেন এলাকাবাসী।

উত্তেজিত জনতার উপস্থিতি টের পেয়ে খোকন মিয়া কৌশলে পালিয়ে গেলেও তার স্ত্রীসহ চারজনকে ভেতরে আটকে ফেলা হয়। পরে ক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দিয়ে শ্রীপুর থানা পুলিশের হাতে সোপর্দ করেন। গণপিটুনিতে গুরুতর আহত হওয়ায় আটক চারজনের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরবর্তীতে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা খোকনের আস্তানায় তল্লাশি চালিয়ে উদ্ধার করেন:
ব্যবসায়ী নাসিরের ছিনতাই হওয়া ১টি দামি মোবাইল। নাসিরের রক্তমাখা জামাকাপড়সহ আরও ৪ জন ভুক্তভোগীর ছেঁড়া ও রক্তমাখা পোশাক। নির্যাতনের কাজে ব্যবহৃত প্লাস্টিকের পাইপ ও বৈদ্যুতিক তার। একাধিক মানিব্যাগ, খালি মোবাইল কভার ও মাদক সেবনের সরঞ্জাম।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই বাড়িতে মাদকের কেনাবেচা চললেও এটি যে একটি জঘন্য ‘টর্চার সেল’, তা নাসিরের ঘটনার পরই প্রকাশ্যে আসে।

শ্রীপুর থানা পুলিশ জানায়, আটক ৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘটনার মূল হোতা পলাতক খোকন মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালের সমাজ/কে.পি

Link copied!