গোপালগঞ্জের মুকসুদপুরে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে সরকারি মডেল সাবের মিয়া জসিমউদদীন (এসজে) উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি মডেল এসজে উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মণ্ডল। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুকদেব পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ,
জাতীয় সাপ্তাহিক মধুমতি কণ্ঠ পত্রিকার সম্পাদক ও মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজেদ হোসেন আমোদ মোল্লা।
এ ছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনায় মনোযোগী করা, শৃঙ্খলা বজায় রাখা এবং তাদের সার্বিক অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের যথাযথ পাঠদান নিশ্চিত করতে শিক্ষকদের সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। কোনো শিক্ষার্থী সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হচ্ছে কি না, শ্রেণিকক্ষে না গিয়ে বাইরে অযথা ঘোরাফেরা করছে কি না, সে বিষয়েও শিক্ষকদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।
কালের সমাজ/কে.পি

