ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
মালিক পলাতক

সৈয়দপুরে দুই কোটি টাকার মূল্যের অবৈধ অটোচার্জার ব্যাটারী আটক

জিকরুল হক, নীলফামারী | আগস্ট ১৯, ২০২৬, ০৮:৩২ পিএম সৈয়দপুরে দুই কোটি টাকার মূল্যের অবৈধ অটোচার্জার ব্যাটারী আটক

নীলফামারীর সৈয়দপুরে বুধবার দুপুরে দুই কোটি টাকা মূল্যের অবৈধ অটোচার্জার ব্যাটারী আটক করা হয়েছে। আটক ব্যাটারীর পরিমাণ এক হাজার পিস। যার বর্তমান বাজার মূল্য দুই কোটি টাকা। এটি আটক করে সরকারের রাজস্ব বিভাগ। শহরের পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন পার্বতীপুর মোড় এলাকায় এসব মালামাল আটক করা হয়।
সৈয়দপুর সার্কেলের কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট কর্মকর্তা মো. শাহবুদ্দিন মজুমদার বলেন, গোপন সোর্সে খবর পেয়ে আটক করা হয় ওই মালামাল। এই অটোচার্জার ব্যাটারীগুলো ভ্যাট, ট্যাক্স ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ট্রাকযোগে সৈয়দপুরে আনা হচ্ছিল। চালান অনুযায়ী ওইসব অবৈধ অটোচার্জার ব্যাটারীর মালিক শহরের জনৈক ব্যবসায়ী সাজ্জাদ হোসেন। অবশ্য মালিক বর্তমানে পলাতক রয়েছে। তবে কাগজে কলমে সাজ্জাদের নাম থাকলেও এর নেপথ্যে রয়েছে শহরের প্রচন্ড প্রভাবশালী এক ধনাঢ্য ব্যবসায়ী। ওই ব্যবসায়ী সরকারের ভ্যাট, ট্যাক্স ফাঁকি দিতেই বিভিন্ন নামে দেশ বিদেশ থেকে সৈয়দপুরের পণ্য সামগ্রী আনে।
এই রাজস্ব কর্মকর্তা আরো জানান, আইনী প্রক্রিয়া শেষে এবিষয়ে থানায় মামলা দায়ের করা হবে। শুরু হবে পুলিশ ও ভ্যাট কর্মকর্তাদের তদন্ত। তদন্তে আমরা প্রকৃত রহস্য বের করতে পারবো ইনশাআল্লাহ। 

কালের সমাজ/কে.পি

Link copied!