ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

পরিবেশ বিধ্বংসী ময়লার ডাম্পিং স্টেশন বন্ধের দাবিতে কক্সবাজারে মানববন্ধন

জেলা প্রতিনিধি, কক্সবাজার | আগস্ট ১৯, ২০২৬, ০৯:৫৯ পিএম পরিবেশ বিধ্বংসী ময়লার ডাম্পিং স্টেশন বন্ধের দাবিতে কক্সবাজারে মানববন্ধন

কক্সবাজার পৌরসভার পরিবেশ বিধ্বংসী ময়লার ডাম্পিং স্টেশন এবং আইবিপি মাঠে জনস্বাস্থ্য ঝুঁকিপূর্ণভাবে বর্জ্য ফেলা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরা কক্সবাজারবাসী’র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পৌরসভার বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। বিশেষ করে আইবিপি মাঠে বর্জ্য ফেলার কারণে এবং কস্তুরাঘাট নতুন ব্রীজ এলাকায় ডাম্পিং স্টেশন থেকে দুর্গন্ধ, রোগজীবাণু ও পরিবেশগত ঝুঁকি বাড়ছে। দ্রুত এসব ডাম্পিং স্টেশন বন্ধ করে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, কক্সবাজার একটি আন্তর্জাতিক পর্যটন নগরী। এখানে পরিবেশ বিধ্বংসী ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বাস্থ্য ও পরিবেশের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধন শেষে দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়ে জেলা প্রশাসক ও পৌর প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

কালের সমাজ/কে.পি

Link copied!