ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

বাবাকে হারানোর পর প্রথম গোল, মেসির উদযাপনে আবেগ

স্পোর্টস ডেস্ক | আগস্ট ২০, ২০২৬, ০১:৫৫ পিএম বাবাকে হারানোর পর প্রথম গোল, মেসির উদযাপনে আবেগ

বাবাকে হারানোর পর মাঠে ফিরেছেন লিওনেল মেসি, খেলেছেন তিনটি ম্যাচ। প্রথম দুই ম্যাচে গোল না পেলেও তৃতীয় ম্যাচে আর নিজেকে থামাতে পারেননি আর্জেন্টাইন কিংবদন্তি। তবে গোল করার পর তাঁর উদযাপনই বলে দিয়েছে, এই গোলটি অন্য সব গোলের চেয়ে তাঁর কাছে কতটা বিশেষ।

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ২–২ গোলের ড্রয়ে মেসি করেছেন দলের দ্বিতীয় গোল। আর গোলটি করার পর দুই হাতের অনামিকা আঙুল আকাশের দিকে তুলে স্মরণ করেছেন প্রয়াত বাবা হোর্হে মেসি ও দাদি সেলিয়া অলিভেরাকে।

গত ৮ আগস্ট দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যান মেসির বাবা। এরপর লিগস কাপ ও এমএলএসের দুটি ম্যাচ খেললেও কোনো গোল পাননি মায়ামির অধিনায়ক। এবার ফিলাডেলফিয়ার মাঠে ২৬ মিনিটে সেই অপেক্ষার অবসান ঘটল।

ডান প্রান্ত থেকে বল পাওয়ার পর একজন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে বক্সের দিকে এগিয়ে যান মেসি। সামনে কয়েকজন খেলোয়াড়ের জটলা থাকলেও সেখান থেকেই নিখুঁত কোনাকুনি শটে বল পাঠান জালে। এটি ছিল পেশাদার ক্যারিয়ারে তাঁর ৯২১তম গোল।

মেসির জীবনে বাবা হোর্হের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বাবাই নন, ক্যারিয়ারের শুরুর দিকের অন্যতম গুরুত্বপূর্ণ অভিভাবক ও পরামর্শদাতাও ছিলেন তিনি। মেসির ফুটবল ক্যারিয়ারকে এগিয়ে নিতে এজেন্ট হিসেবেও কাজ করেছেন হোর্হে। আর ছোটবেলায় নাতিকে নিয়মিত মাঠে নিয়ে যেতেন দাদি সেলিয়া। তাই গোলের পর তাদের দুজনকেই স্মরণ করেছেন মেসি।

ম্যাচে মায়ামির প্রথম গোলেও জড়িয়ে ছিল মেসির নাম। ২১ মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে সুযোগ তৈরি করেন তিনি। পরে ড্যানিয়েল পিন্টার গোল করে এগিয়ে দেন মায়ামিকে। ফিলাডেলফিয়ার হয়ে ইন্ডিয়ান ভাসিলেভ ১১ মিনিটে এবং নিল পিয়ের ৫৮ মিনিটে গোল করেন। স্বাগতিকদের আরেকটি গোল ভিএআরের পর বাতিল করা হয়।

ফিলাডেলফিয়ার বিপক্ষে গোল করে এমএলএসের চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩। সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি এখন দ্বিতীয়। ১৪ গোল করে শীর্ষে আছেন এফসি ডালাসের ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড পেতার মুসা।

বাবার মৃত্যুর পর মেসির আগের দুই ম্যাচের দুটিই অবশ্য হতাশায় শেষ হয়েছিল। প্রথম ম্যাচে লিওনের কাছে ৩–২ গোলে হেরে লিগস কাপ থেকে বিদায় নেয় মায়ামি। এরপর ন্যাশভিলের বিপক্ষে এমএলএসের ম্যাচে ৪–১ গোলে হারে তারা। ওই ম্যাচে পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হন মেসি।

ন্যাশভিল ৪৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে আছে। ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে মায়ামি।

এদিকে ম্যাচের শেষ মুহূর্তে উত্তেজনার জন্ম দেয় দুই দলের খেলোয়াড়দের সংঘর্ষ। ১২ মিনিট যোগ করা সময়ের একেবারে শেষ দিকে মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানকে লাল কার্ড দেখান রেফারি। এর আগে কাভানের ভাই কুইন সুলিভান ও মায়ামির ইয়ান ফ্রের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে সেই ঘটনার জেরে ব্রাইট ও কাভান ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। কুইনকে এ ঘটনায় হলুদ কার্ড দেখানো হয়।

লাল কার্ড পাওয়ায় আগামী ২২ আগস্ট ফিলাডেলফিয়ার ম্যাচে খেলতে পারবেন না কাভান। মাত্র ১৬ বছর বয়সেই দলটির একাদশে জায়গা করে নেওয়া এই তরুণ ২০২৬ সালে ১৮ ম্যাচের ১১টিতে শুরু থেকে খেলেছেন এবং করেছেন দুটি গোল। ১৮ বছর পূর্ণ হলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

Link copied!