ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

নেইমারের সঙ্গে হাত মেলালেন না সেই ‘পুরোনো শত্রু’

স্পোর্টস ডেস্ক | আগস্ট ১৭, ২০২৬, ১১:৫৯ এএম নেইমারের সঙ্গে হাত মেলালেন না সেই ‘পুরোনো শত্রু’

ব্রাজিলিয়ান ফুটবলে নেইমার ও থিয়াগো মেন্দেসের পুরোনো দ্বন্দ্ব যেন আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় সময় রোববার (১৬ আগস্ট) সাও জানুয়ারিওতে ভাস্কো দা গামা ও সান্তোসের ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের ঐতিহ্যবাহী করমর্দনের সময় মেন্দেস ইচ্ছাকৃতভাবে নেইমারকে এড়িয়ে যান। হাত বাড়িয়ে থাকা নেইমারের সঙ্গে করমর্দন না করেই চলে যান ভাস্কোর এই মিডফিল্ডার। প্রতিবেদন গোল ডটকমের।

ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গ্যালারিতেও পরিস্থিতি ছিল উত্তপ্ত। ভাস্কো সমর্থকদের একাংশ নেইমারের কান্নার মুখাবয়বের মাস্ক পরে তাকে উদ্দেশ্য করে বিদ্রূপ করেন।

মেন্দেসের এই আচরণে প্রকাশ্যেই ক্ষোভ জানান নেইমারের ঘনিষ্ঠ বন্ধু জোতা আমানসিও। তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর সঙ্গে জ্লাতান ইব্রাহিমোভিচকে ঘিরে প্রচলিত একটি ঘটনার প্রসঙ্গ টেনে মেন্দেসকে কটাক্ষ করেন। তার বক্তব্যের মূল কথা ছিল, বড় মাপের তারকারা সাধারণত সহজ-সরল ও স্বাভাবিক থাকেন, অথচ তুলনামূলক কম গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মধ্যেই অহংকার বেশি দেখা যায়।

দ্বন্দ্বের শুরু সেই ২০২০ সালে
নেইমার ও মেন্দেসের বিরোধ অবশ্য নতুন নয়। এর সূত্রপাত ২০২০ সালে ফরাসি লিগ ওয়ানে পিএসজি ও লিঁওর ম্যাচে। সেই ম্যাচে মেন্দেসের একটি ভয়ংকর ট্যাকেলে গুরুতরভাবে চোট পান নেইমার। ট্যাকেলটির পর মেন্দেস লাল কার্ড দেখেন এবং পরবর্তীতে প্রকাশ্যে নেইমারের কাছে ক্ষমাও চান। তবে ঘটনাটি নেইমার ও তার পরিবারের মনে গভীর ক্ষত তৈরি করে।

তৎকালীন সময়ে নেইমারের বাবা নেইমার সিনিয়রও মেন্দেসের ট্যাকেল নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন, বারবার শারীরিক ও হিংসাত্মক ফাউলের শিকার হওয়ার পরও কেন ভুক্তভোগীকেই দায়ী করা হবে।

দুজনই চলতি বছরে ব্রাজিলিয়ান ফুটবলে ফেরার পর পুরোনো দ্বন্দ্ব আবার সামনে আসে। সাম্প্রতিক এক ম্যাচের প্রথমার্ধে মেন্দেসের ফাউলে ক্ষুব্ধ হয়ে নেইমার তার মুখোমুখি হন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে মেন্দেসের স্পর্শে নেইমার মাটিতে পড়ে যান। ঘটনার পর দুজনকেই হলুদ কার্ড দেখানো হয়। তবে উত্তেজনা সেখানেই শেষ হয়নি। বিরতির সময় ড্রেসিংরুমের টানেলেও দুজনের মধ্যে বাকবিতণ্ডা চলতে থাকে।

ম্যাচের পর নেইমার মেন্দেসকে নিয়ে আরও কড়া মন্তব্য করেন। স্পোর্টভিকে তিনি বলেন, মেন্দেস সবসময় ঝামেলা শুরু করতে চান এবং নিজেকে খুব শক্তিশালী দেখানোর চেষ্টা করেন। একপর্যায়ে নেইমার তাকে সরাসরি ‘ইডিয়ট’ বলেও মন্তব্য করেন।

কালের সমাজ/এসআর

Link copied!