ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

অস্ট্রেলিয়াকে ধসিয়ে রেকর্ড গড়ে হাসান মাহমুদ যা বললেন

ক্রীড়া প্রতিবেদক | আগস্ট ১৩, ২০২৬, ০১:২২ পিএম অস্ট্রেলিয়াকে ধসিয়ে রেকর্ড গড়ে হাসান মাহমুদ যা বললেন

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমে বাংলাদেশ কেমন করে তা নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকলেও দিনটা বাংলাদেশ রাঙিয়েছে নিজেদের মতো করে। যার পুরো কৃতিত্ব হাসানের। অস্ট্রেলিয়া ডারউইনে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ১৯৮ রানে গুটিয়ে যায়। হাসান মাহমুদ একাই পেয়েছেন ৬ উইকেট। ১৭ ওভারে ৩ মেডেনে ৫৫ রানে ৬ উইকেট নেন দ্রুতগতির এই বোলার।

ইনিংস শেষে ড্রেসিংরুমে যাওয়ার পথে কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে কথা বলেন হাসান। ব্রডকাস্টকে দেয়া সাক্ষাৎকারে হাসান বলেন, ‘অস্ট্রেলিয়ার মাঠে খেলার জন্য আমি মুখিয়ে ছিলাম। তারা বিশ্বের অন্যতম সেরা দল। তো এসব কন্ডিশনে খেলার সুযোগ পাওয়া দারুণ ব্যাপার। আমি শুধু বলটা সঠিক লাইন ও লেংথে রাখার চেষ্টা করেছি। নিজের প্রক্রিয়া ঠিক রাখার দিকে মন দিয়েছি। অধিনায়কের নির্দেশনা শোনার চেষ্টা করেছি।’

হাসান বাদে ২টি করে উইকেট নেন তাসকিন ও ইবাদত হোসেন। দুজন ভেঙেছেন মিডল ও লোয়ার মিডল অর্ডার। তাদের নিয়ে হাসান বলেছেন, ‘তারাও (তাসকিন-ইবাদত) দারুণ বোলিং করেছে। সর্বোচ্চ চেষ্টা করেছে।’

সম্প্রতি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেছেন হাসান। সেখানে ভালো করায় তার আত্মবিশ্বাস বেড়েছে দাবি করলেন, ‘কাউন্টি ক্রিকেটে খেলা, ইংল্যান্ডে খেলা আমার জন্য খুব ভালো অভিজ্ঞতা ছিল। আশা করি, কেন্টের হয়ে নিয়মিত খেলতে পারব।’

কালের সমাজ/এসআর

Link copied!