চলতি আগস্ট মাসেই পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট, বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশে সাধারণ ছুটি থাকবে। তবে ইসলামি চান্দ্র মাসের হিসাব অনুযায়ী এ ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে একদিনের সাধারণ ছুটি রাখা হয়েছে। সে অনুযায়ী ২৬ আগস্ট সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে।
কারা ছুটি পাবেন
সাধারণ ছুটির আওতায় সরকারি মন্ত্রণালয়, অধিদপ্তর, সরকারি দপ্তর ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুসরণ করে এমন প্রতিষ্ঠানও এদিন তাদের কার্যক্রম বন্ধ রাখবে।
এ ছাড়া সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের ২০২৬ সালের শিক্ষাপঞ্জিতেও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৬ আগস্ট ছুটি রাখা হয়েছে। ফলে এদিন এসব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
কারা ছুটি পাবেন না
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি হলেও সবাই এ ছুটির আওতায় পড়বেন না। যেসব বেসরকারি প্রতিষ্ঠান নিজেদের ছুটির তালিকা অনুযায়ী পরিচালিত হয়, সেসব প্রতিষ্ঠানের কর্মীদের ছুটি নাও হতে পারে। এ ছাড়া হাসপাতাল, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জরুরি পরিবহনসহ জরুরি সেবায় নিয়োজিতদেরও ছুটির দিনে দায়িত্ব পালন করতে হতে পারে।
কালের সমাজ/কে.পি

