ঢাকা রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

বাকৃবিতে বিএসভিইআরের ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু

বাকৃবি | আগস্ট ৮, ২০২৬, ০৭:৩৬ পিএম বাকৃবিতে বিএসভিইআরের ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

‘ট্রান্সলেটিং ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনটু সাসটেইনেবল লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল হেলথ’ প্রতিপাদ্যকে সামনে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে মূল দুইদিন (৮ ও ৯ আগস্ট) মোট ৩১৮টি গবেষণাপত্র উপস্থাপিত হবে, যার মধ্যে ১১৬টি মৌখিক এবং ২০২টি পোস্টার উপস্থাপনা। এবারের সম্মেলনে দেশ-বিদেশের প্রায় সাড়ে ৬০০ গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও ভেটেরিনারিয়ান অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক রবিন এল্ডার্স মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ।

বিএসভিইআরের সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক ড সুকুমার সাহার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং ইন্টার অ্যাগ্রো বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এ কে এম খসরুজ্জামান। এছাড়া সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহবুব আলম, সচিব অধ্যাপক ড. তাহসিন ফারজানা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও বেসকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সম্মেলনে ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. এম. ময়নুদ্দিনকে বার্ষিক লেকচার অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়।

আয়োজকেরা জানান, ভেটেরিনারি শিক্ষা ও গবেষণার ফলাফলকে টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন এবং বৈশ্বিক স্বাস্থ্যের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করাই এবারের সম্মেলনের মূল লক্ষ্য। সম্মেলনে ভেটেরিনারি শিক্ষা, প্রাণিস্বাস্থ্য, প্রাণিসম্পদ উৎপাদন, রোগ নিয়ন্ত্রণ, গবেষণা ও বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ে শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।

কালের সমাজ/কে.পি

Link copied!