ঢাকা রবিবার, ০২ আগস্ট, ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
রেলপথ প্রতিমন্ত্রী

ঈদগাঁওর রেলস্টেশনে সব লোকাল ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করতে ব্যবস্থা নেয়া হবে

শেফাইল উদ্দিন, কক্সবাজার | আগস্ট ১, ২০২৬, ০৯:৪৪ পিএম ঈদগাঁওর রেলস্টেশনে সব লোকাল ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করতে ব্যবস্থা নেয়া হবে

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে সকল লোকাল ট্রেনের যাত্রাবিরতি চালু এবং স্টেশন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন।

এর আগে প্রতিমন্ত্রী গ্যাংকারযোগে কক্সবাজার ও রামু রেলস্টেশন পরিদর্শন শেষে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব), সিআরবি, চট্টগ্রাম মো. সুবক্তগীন-কে সঙ্গে নিয়ে ইসলামাবাদ রেলস্টেশনে পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানান ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মং চিনু মার্মা, ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার এসআই সনক কান্তি দাশ, সহকারী স্টেশন কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম ও মো. আতিকুর রহমান, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় জনগণ।

পরিদর্শনকালে ইসলামাবাদ স্টেশনে সকল লোকাল ট্রেন এবং ঢাকা-কক্সবাজার রুটের আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালুর বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, লোকাল ট্রেনের যাত্রাবিরতি এবং স্টেশন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঢাকা-কক্সবাজারগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ক্ষেত্রে কিছু কারিগরি ও পরিচালনাগত সীমাবদ্ধতা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ইতিমধ্যে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন এবং এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক। সেই আবেদন ও স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে তিনি সরেজমিনে পরিস্থিতি পরিদর্শনে এসেছেন। পরিদর্শনে উঠে আসা অন্যান্য সমস্যাও যথাযথ প্রক্রিয়ায় সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

প্রতিমন্ত্রীর সফর শেষে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল স্টেশনের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা নিয়ে স্টেশন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় অসুস্থ ও বয়স্ক যাত্রীদের জন্য হুইলচেয়ারের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে জরুরি ভিত্তিতে চারটি হুইলচেয়ার বরাদ্দের নির্দেশ দেন।

এছাড়া স্টেশনের জনবল সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং অন্যান্য সমস্যার বিস্তারিত তালিকা প্রস্তুত করে লিখিতভাবে জমা দেওয়ার জন্য স্টেশন কর্তৃপক্ষকে নির্দেশনা দেন সংসদ সদস্য।

স্থানীয়দের প্রত্যাশা, প্রতিমন্ত্রীর এ আশ্বাস দ্রুত বাস্তবায়িত হলে ইসলামাবাদ রেলস্টেশনে যাত্রীসেবা আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

কালের সমাজ/এসআর

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!