ঢাকা রবিবার, ০২ আগস্ট, ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

সৌদির ৮ তেল ট্যাংকারকে ফিরিয়ে দিলো হুতি

কালের সমাজ ডেস্ক | আগস্ট ১, ২০২৬, ০১:৫৯ পিএম সৌদির ৮ তেল ট্যাংকারকে ফিরিয়ে দিলো হুতি

সৌদি আরবের চলমান অবরোধের জবাবে দেশটির ৮টি তেল ট্যাংকারকে ফিরিয়ে দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। ‘অবরোধের জবাবে অবরোধ’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে কৌশলগত বাব আল-মানদেব প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টার সময় সৌদি আরবের জাহাজগুলোকে বাধা দিয়েছে গোষ্ঠীটি।

প্রেস টিভির খবরে বলা হয়, শুক্রবার (৩১ জুলাই) ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, ‘অবরোধের বদলে অবরোধ’ নীতির অংশ হিসেবে এবং আমাদের সশস্ত্র বাহিনী সৌদি তেল ট্যাংকারগুলোর ওপর নৌ অবরোধ কঠোর করার ফলে ৮টি সৌদি তেল ট্যাংকার ‘স্ট্রেইট অফ গুড হোপ’-এর দিকে তাদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে।’

ইয়েমেনের এই পদক্ষেপ সৌদি আরবের ওপর চাপ বাড়ানোর ধারাবাহিকতার অংশ। সৌদি আরব ও তার আরব মিত্ররা ২০১৫ সালের ২৬ মার্চ ইয়েমেনের হুতির বিরুদ্ধে অবরোধ আরোপ করে। সে সময় ইয়েমেনে গোষ্ঠীটির বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানও শুরু করা হয়। ওই অভিযানে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সামরিক, রাজনৈতিক ও সরবরাহসংক্রান্ত সহায়তা ছিল।

রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে সাবেক সরকারের শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়ে যান, যার পরে ইয়েমেনের হুতি রাষ্ট্রীয় বিষয় পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। দীর্ঘস্থায়ী ওই যুদ্ধে ইয়েমেনের হাজার হাজার মানুষের মৃত্যু হয়। তবে সৌদি আরব ও তার মিত্রদের ঘোষিত লক্ষ্য অর্জিত হয়নি।

গত ২০ জুলাই ইয়েমেন সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কার্যকর একটি নৌ অবরোধ ঘোষণা করে। এর উদ্দেশ্য ছিল সৌদি আরবকে ইয়েমেনের ওপর থেকে অবরোধ তুলে নিতে বাধ্য করা।

ইয়েমেনের পক্ষ থেকে সৌদি আরবের তেলবাহী জাহাজের বিরুদ্ধে নৌ অবরোধ জোরদারের এই ঘোষণা এমন সময় এল, যখন সাম্প্রতিক সময়ে সৌদি যুদ্ধবিমান ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগর আল-হুদাইদাহতে হামলা চালিয়েছে। ওই হামলার পর ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের সঙ্গে চলমান সংঘাতের পরবর্তী ধাপের নাম দিয়েছে ‘উত্তেজনার জবাবে উত্তেজনা’।

কালের সমাজ/এসআর

Link copied!