ঢাকা রবিবার, ০২ আগস্ট, ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

দুই মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু, চরম আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ১, ২০২৬, ০২:১১ পিএম দুই মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু, চরম আতঙ্ক

রাজধানীর মিরপুর ১০ নম্বর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে শনিবার (১ আগস্ট) দুপুরে সন্দেহজনক বস্তু পাওয়ার খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের সদস্যরা।

সংস্থাটির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক জানান, মিরপুর ও তেজগাঁও এলাকায় একসঙ্গে দুটি স্থানে বোমা সদৃশ বস্তু পাওয়ার খবর পাওয়া যায়। খবর পেয়ে তাদের দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পরীক্ষা শুরু করে।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার বলেন, খবর পাওয়ার পর বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে নিশ্চিত করে বলা সম্ভব হয়নি, সেটি বিস্ফোরক কি না।

এদিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ওঠানামার নির্দেশনামূলক বোর্ডের ওপরে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে মেট্রোরেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, একটি পিলারের পাশে সন্দেহজনক একটি বস্তা পাওয়া যায়। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে তা পরীক্ষা করতে বিশেষ বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈনু মারমা বলেন, বস্তার ভেতরে কিছু থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তবে ঝুঁকি এড়াতে বিষয়টিকে গুরুত্ব দিয়েই দেখা হয়েছে।

পরে দুপুর দেড়টার দিকে বিশেষ বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা চালায়। পরীক্ষা শেষে তারা জানায়, ফার্মগেইটে পাওয়া বস্তুটি একটি খালি বস্তা, এর ভেতরে কোনো বিস্ফোরক ছিল না।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই রাতে রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ছাতার ভেতর থেকে পাইপ বোমা উদ্ধার করা হয়েছিল।

এছাড়া বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার চারাবাগ এলাকায় একটি চায়ের দোকানের সামনে থেকেও একটি শক্তিশালী বোমা উদ্ধার করে পরে তা নিষ্ক্রিয় করে আইনশৃঙ্খলা বাহিনী।

কালের সমাজ/এসআর

Link copied!