ঢাকা শনিবার, ০১ আগস্ট, ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

জুলাইয়ে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু, আক্রান্ত ৯ হাজার ২০৬

নিজস্ব প্রতিবেদক | জুলাই ৩১, ২০২৬, ১০:১৮ পিএম জুলাইয়ে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু, আক্রান্ত ৯ হাজার ২০৬

দেশে জুলাই মাসে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েছে। এক মাসেই ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ২০৬ জন। চলতি বছরে এক মাসে এটিই সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে।

একই সময়ে নতুন করে ১৫৩ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার ৩১০ জন।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তের সংখ্যাতেও জুলাই শীর্ষে রয়েছে। এ মাসে ৯ হাজার ২০৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর আগে জুনে আক্রান্ত ছিলেন ২ হাজার ৯০৭ জন। এছাড়া জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯ জন, মার্চে ৩৫৩ জন, এপ্রিলে ৬৪০ জন এবং মে মাসে ৭১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বর্ষাকাল অব্যাহত থাকায় আগামী দিনগুলোতে ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়তে পারে। তাই মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সতর্কতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

 

কালের সমাজ/কে.পি

স্বাস্থ্য বিভাগের আরো খবর

Link copied!