ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

ঈদগাঁওয়ের আলোচিত মা-মেয়ে হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, কক্সবাজার | জুলাই ৩০, ২০২৬, ০৭:০৮ পিএম ঈদগাঁওয়ের আলোচিত মা-মেয়ে হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া এলাকায় বহুল আলোচিত মা-মেয়ে হত্যা মামলায় প্রধান আসামি টমটমচালক আবুল কালামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৫ম) আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডে স্ত্রী ও কন্যা সন্তানকে হত্যার অভিযোগ এনে আজিজুল হক চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার বিভিন্ন ধাপে তিনজন আসামি মামলা থেকে বাদ পড়েন। পরে সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত তথ্যের ভিত্তিতে প্রধান আসামি আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। 

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ঈদগাঁওসহ কক্সবাজারজুড়ে ব্যাপক আলোচিত এ হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদীপক্ষ। তাদের প্রত্যাশা, এই রায়ে বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে এমন জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে যাবে।

কালের সমাজ/কে.পি

Link copied!