বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনে (ইসি) ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। দলটির দেওয়া হিসাব অনুযায়ী, গত বছর তাদের ব্যয় আয়ের তুলনায় ২৩ লাখ ৬২ হাজার ৭৯৫ টাকা বেশি হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের নির্বাচন কমিশনে এ হিসাব জমা দেন।
জমা দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৫ সালে জামায়াতের মোট আয় ছিল ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা। একই সময়ে দলটির মোট ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা।
হিসাবে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে দলটির মোট তহবিল রয়েছে ১৫ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ৪২৮ টাকা। এর মধ্যে নগদ রয়েছে ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা। ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব শেষে দলটির কাছে ছিল ১৫ কোটি ৭৩ লাখ ৭ হাজার ২২৩ টাকা।
আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গত বছর দলটি তুলনামূলক বেশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করায় ব্যয় বেড়েছে।
ব্যয়ের প্রধান খাত সম্পর্কে তিনি জানান, অফিস পরিচালনা, বিভিন্ন সভা-সমাবেশ, বৈঠক, নেতাদের সাংগঠনিক সফর এবং বড় আকারের জনসভা আয়োজনের পেছনে উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয়েছে।
দলের আয়ের উৎস সম্পর্কে জুবায়ের বলেন, দলের নিয়মিত আয়ের প্রধান উৎস হলো নেতাকর্মীদের চাঁদা ও দান-অনুদান। এছাড়া দলের শুভাকাঙ্ক্ষীদের অনুদান এবং বিভিন্ন প্রকাশনা থেকে প্রাপ্ত আয়ও দলের অর্থের গুরুত্বপূর্ণ উৎস।
কালের সমাজ/এএইচবি

