মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী নবীন দল৷ এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) কর্তৃক বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার ও বিএনপি নেতাদের কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সংগঠনটি৷
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে শহরের চৌমোহনা চত্বরে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দল শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখা৷
সমাবেশে বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের নিয়ে এনসিপির কয়েকজন নেতার বক্তব্যের প্রতিবাদ জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, মৌলভীবাজার জেলা নবীন দলের সভাপতি সাজু আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ রনি, শ্রীমঙ্গল পৌর নবীন দলের সভাপতি মো.শাহিন, উপজেলা সাধারণ সম্পাদক রাজন মিয়া এবং পৌর সাধারণ সম্পাদক শাকিল আহমেদ। এসময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারী ও প্রীতম দাশ বিএনপি এবং এর শীর্ষ নেতৃত্বকে নিয়ে `আপত্তিকর ও উসকানিমূলক` মন্তব্য করেছেন। তারা এসব বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশের দাবি জানান। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, এ ধরনের বক্তব্য রাজনৈতিক সৌহার্দ্য নষ্ট করছে। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য অব্যাহত থাকলে গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ আরও জোরদার করা হবে।
কালের সমাজ/কে.পি

